মুঠোফোন, এনবিআর
দেশীয় মুঠোফোন সংযোজন শিল্পকে সুরক্ষা দিতে আমদানি শুল্ক কমিয়েছে সরকার।   ছবি: সংগৃহীত

মুঠোফোনের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে বড় ধরনের শুল্ক ছাড় দিয়েছে সরকার। মুঠোফোন আমদানিতে প্রযোজ্য আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। এর ফলে আমদানিকৃত মুঠোফোনে বিদ্যমান শুল্কের হার কমল ৬০ শতাংশ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর জানিয়েছে, শুধু আমদানিকৃত মুঠোফোন নয়, দেশীয় মুঠোফোন সংযোজন শিল্পকে সুরক্ষা দিতে সংযোজনকারী প্রতিষ্ঠানগুলোর ব্যবহৃত উপকরণ আমদানিতেও শুল্ক কমানো হয়েছে। পৃথক আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে এসব উপকরণে আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এতে সংযোজন শিল্পের উপকরণ আমদানিতে শুল্ক কমল ৫০ শতাংশ।

কতটা সাশ্রয় হবে গ্রাহকের

এনবিআরের হিসাব অনুযায়ী, ৩০ হাজার টাকার বেশি দামের প্রতিটি আমদানিকৃত পূর্ণাঙ্গ মুঠোফোনের ক্ষেত্রে দাম কমতে পারে আনুমানিক সাড়ে ৫ হাজার টাকা।

অন্যদিকে, একই মূল্যমানের দেশে সংযোজিত প্রতিটি মুঠোফোনের দাম কমবে প্রায় ১ হাজার ৫০০ টাকা।

ডিজিটাল ব্যবহারে গতি আসবে

এনবিআরের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুঠোফোন ও মুঠোফোন সংযোজন শিল্পের উপকরণ আমদানিতে শুল্ক উল্লেখযোগ্য হারে কমানোর ফলে বাজারে মুঠোফোনের দাম সহনীয় থাকবে। এতে সাধারণ মানুষের জন্য ডিজিটাল সেবা গ্রহণ সহজ হবে এবং দেশের ডিজিটাল কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

এমকে/আরটিএনএন