আগামী শনিবার  চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  স্নাতক ২০২৫-২০২৬ শিক্ষাবষের্র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 
আগামী শনিবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক ২০২৫-২০২৬ শিক্ষাবষের্র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।    ছবি: সংগৃহীত

আগামী শনিবার (১৭ জানুয়ারি) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) স্নাতক ২০২৫-২০২৬ শিক্ষাবষের্র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি এবং চুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল অনুষদের ডিন কাজী দেলোয়ার হোসাইন। 

এবার ‘ক’ গ্রুপে মোট ১৩ হাজার ৯২ জন এবং ‘খ’ গ্রুপে ৮৫০ জনসহ সর্বমোট ১৩ হাজার ৯৪২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে বলে আশা করা যাচ্ছে। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ১১ হাজার ৮৪ জন এবং ছাত্রী ২ হাজার ৮৫৮ জন।

‘ক’ গ্রুপের পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১২টা ৩০ মিনিটে এবং এরপর ‘খ’ গ্রুপের জন্য অংকন পরীক্ষা বেলা ১২টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। 

‘খ’ গ্রুপের পরীক্ষা শুধুমাত্র চুয়েট কেন্দ্রে অনুষ্ঠিত হবে। চুয়েট কেন্দ্রে ৮ হাজার ৫০০ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন। এছাড়া ২টি উপকেন্দ্রে (সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে ১ হাজার ৩৬৫ জন ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে ৪ হাজার ৭৭ জন) মোট ৫ হাজার ৪৪২ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। 

ভর্তি পরীক্ষায় ভর্তি যোগ্য মোট আসন সংখ্যা ৯৩১ (সাধারণ আসন ৯২০+ আদিবাসীদের জন্য সংরক্ষিত ১১) জন। 

ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ নিয়ে গঠিত ‘ক’ গ্রুপ এবং ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, স্থাপত্য বিভাগ নিয়ে গঠিত ‘খ’ গ্রুপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবারের ভর্তি পরীক্ষায় ‘ক’ গ্রুপের জন্য ২০২৫ সালের পাঠ্যসূচি অনুযায়ী গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজি বিষয়ের ওপর লিখিত পদ্ধতিতে ৫০০ নম্বরের পরীক্ষা হবে। তবে ‘খ’ গ্রুপের জন্য ৫০০ নম্বরের লিখিত পরীক্ষার পাশাপাশি অতিরিক্ত মুক্তহস্ত অঙ্কনের ২০০ নম্বরসহ মোট ৭০০ নম্বরের পরীক্ষা হবে। এ ক্ষেত্রে গণিত, পদার্থবিদ্যা ও রসায়নের প্রতিটিতে ১৫টি এবং ইংরেজি বিষয়ে ৫টি প্রশ্ন থাকবে।

এমআর/আরটিএনএন