বিতর্ক ক্লাব
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের বিতর্ক ক্লাব বিতর্ক একটি তার্কিক সংগঠন।   ছবি: আরটিএনএন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ৬ষ্ঠ বিজয় বিতর্ক উৎসবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের বিতর্ক ক্লাব বিতর্ক একটি তার্কিক সংগঠন। প্রতিযোগিতায় রানার আপ হয়েছে শেখ মুজিবুর রহমান হলের বিতর্ক ক্লাব অ্যাসেম্বলি অব ডিবেটার্স।

গতকাল (২৫ জানুয়ারি ) রবিবার সন্ধ্যায় বিজয় একাত্তর হল মিলনায়তনে আয়োজিত উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।

দুই দিনব্যাপী এই উৎসবে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ২৮টি বিতর্ক দল অংশগ্রহণ করে। প্রাথমিক পর্ব থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত মোট ৭টি রাউন্ডে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ, রাষ্ট্রচিন্তা ও সমকালীন বাংলাদেশকে কেন্দ্র করে যুক্তিনির্ভর ও বিশ্লেষণধর্মী বিতর্কে অংশ নেয়।

প্রতিযোগিতায় ডিবেটার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন পারভেজ গাজী এবং ডিবেটার অব দ্য ফাইনাল হন ধীমান বিশ্বাস।

বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাবের সভাপতি  আসিফ আদনান অমির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ  অধ্যাপক ড. স. ম. আলী রেজা,ঢাকা পিস ফাউন্ডেশনের চিফ এক্সিকিউটিভ মোহাম্মদ হোসাইন, বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাবের মডারেটর আরেফিন রহমান আলিফ, ডাকসু’র ভিপি মো. আবু সাদিক কায়েম, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি জুবায়ের হোসেন, সাধারণ সম্পাদক রাগীব আনজুম,বিজয় একাত্তর হল সংসদের ভিপি হাসানুল বান্না আরফাত ও সাধারণ সম্পাদক আশিক বিল্লাহ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক তানিম বিন কাইয়ুম।

আয়োজকরা জানান, এ ধরনের বিতর্ক উৎসব শিক্ষার্থীদের যুক্তিবোধ, সমালোচনামূলক চিন্তা ও গণতান্ত্রিক চর্চা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।