চলছে ইবির স্বতন্ত্র ডি-ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন, পরীক্ষা ১১ এপ্রিল।
চলছে ইবির স্বতন্ত্র ডি-ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন, পরীক্ষা ১১ এপ্রিল।   ছবি: আরটিএনএন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্বতন্ত্র ডি-ইউনিটভুক্ত বিভাগসমূহে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা গত ৬ মার্চ থেকে আবেদন করতে পারছেন, যা চলবে আগামী ২৫ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১১ এপ্রিল।

বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ডি-ইউনিটের অধীনে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ ও আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ইসলামিক অ্যান্ড কম্পারেটিভ রিলিজিয়ন অনুষদের দা'ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ এবং কলা অনুষদের আরবি ভাষা ও সাহিত্য বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা, যা বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে পরিশোধ করা যাবে।

আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীদের ২০২৪ বা ২০২৫ সালে উচ্চ মাধ্যমিক বা সমমান এবং ২০২১, ২০২২ অথবা ২০২৩ সালে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মোট ৩৩০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা ৮০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।