বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির )সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি এবং নাছির উদ্দীন নাছিরকে সাধারণ সম্পাদক করে গঠিত এই কমিটির দুই বছরের মেয়াদ গত ১ মার্চ পূর্ণ হয়। মেয়াদ শেষ হওয়ার পর থেকেই সংগঠনজুড়ে নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা ও জোরালো প্রত্যাশা তৈরি হয়েছে।
সংগঠনের নিয়ম অনুযায়ী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ দুই বছর এবং বিশ্ববিদ্যালয় ও জেলা পর্যায়ের কমিটির মেয়াদ এক বছর। তবে বাস্তবতার কারণে অনেক সময় এসব কমিটি নির্ধারিত সময়ের চেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছে। ছাত্রদলের সাম্প্রতিক পাঁচটি কমিটির মধ্যে চারটি প্রায় দুই বছর দায়িত্ব পালন করলেও রাজীব–আকরাম কমিটি প্রায় পাঁচ বছর দায়িত্বে ছিল, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে দীর্ঘমেয়াদি কমিটি হিসেবে বিবেচিত।
নতুন কমিটি নিয়ে জোরালো আলোচনা:
গত ২৮ ফেব্রুয়ারি বিএনপির তেজগাঁও কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সংগঠনের সাংগঠনিক শক্তি আরও দৃঢ় করতে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পুনর্গঠন দ্রুত সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়। এর পর থেকেই ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিসহ গুরুত্বপূর্ণ ইউনিটগুলোতে নতুন নেতৃত্ব আসার গুঞ্জন আরও জোরালো হয়ে ওঠে।
দলীয় সূত্রে জানা গেছে, নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং যে কোনো সময় তা ঘোষণা করা হতে পারে। সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে সাংগঠনিক তৎপরতা বাড়িয়েছেন। বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ, কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, আড্ডা, ইফতার মাহফিল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড তুলে ধরার মধ্য দিয়ে তারা নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছেন।
আলোচনায় ডজনখানেক নেতা:
সংগঠন সংশ্লিষ্টদের মতে, নতুন কমিটির শীর্ষ পদে অন্তত ডজনখানেক নেতার নাম ঘুরে ফিরে আলোচনায় রয়েছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের কয়েকটি বড় বিশ্ববিদ্যালয়ে সক্রিয় থাকা নেতাদের মধ্য থেকেই সম্ভাব্য নেতৃত্ব উঠে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে সভাপতি পদে যেসব নাম সবচেয়ে বেশি গুরুত্বের সঙ্গে আলোচনায় রয়েছে, তাদের মধ্যে এগিয়ে রয়েছেন বর্তমান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান । দীর্ঘদিন রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা এবং সাংগঠনিক দক্ষতার কারণে সংগঠনের ভেতরে তার গ্রহণযোগ্যতা বেশ শক্তিশালী বলে মনে করছেন অনেক নেতাকর্মী।
সভাপতি পদে সম্ভাব্যরা :
সভাপতি পদে আলোচনায় থাকা নেতাদের মধ্যে রয়েছেন বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান এবং প্রচার সম্পাদক শরিফ প্রধান শুভ। এছাড়া কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি খোরসেদ আলম সোহেলের নামও আলোচনায় রয়েছে।
এর মধ্যে সাংগঠনিক কর্মকাণ্ডে ধারাবাহিক সক্রিয়তা এবং তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে আমানউল্লাহ আমানের নামই সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে বলে সংগঠনের ভেতরের অনেকেই মনে করছেন।
সাধারণ সম্পাদক পদে সম্ভাব্যরা:
সাধারণ সম্পাদক পদে সম্ভাব্যদের তালিকায় রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজু আহমেদ, গাজী মো. সাদ্দাম হোসেন, মিনহাজ আহমেদ প্রিন্স, তারেক হাসান মামুন, জাহিদ হাসান শাকিল এবং তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল। পাশাপাশি বিএনপির মিডিয়া সেলের যোগাযোগ সমন্বয়ক দ্বীন ইসলাম খানের নামও আলোচনায় রয়েছে।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বর্তমান কমিটির কয়েকজন শীর্ষ নেতার নামও আলোচনায় আছে। তাদের মধ্যে ঢাবি সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন শাওনের নাম উল্লেখযোগ্য।
নেতাদের প্রত্যাশা:
সাধারণ সম্পাদক পদপ্রার্থী গাজী সাদ্দাম হোসেন বলেন, বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে। স্বাভাবিক নিয়মেই সংগঠনের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান নতুন কমিটি ঘোষণা করবেন বলে আমরা আশা করছি।
ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল বলেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি হওয়া উচিত দীর্ঘদিনের রাজপথের পরীক্ষিত, ছাত্রবান্ধব এবং সাংগঠনিকভাবে দক্ষ নেতাদের সমন্বয়ে। পাশাপাশি বর্তমান সময়ের ছাত্র রাজনীতির বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে চলতে সক্ষম নেতাদেরই দায়িত্ব দেয়া প্রয়োজন।
জাহিদ হাসান শাকিল বলেন, বাংলাদেশের ছাত্র সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার সংগঠন হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল। ব্যক্তিগত স্বার্থ নয়, সংগঠনের আদর্শকে সামনে রেখেই কাজ করতে চান তিনি।
অন্যদিকে সভাপতি পদপ্রত্যাশী মমিনুল ইসলাম জিসান বলেন, কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। আমরা আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের কাছে দ্রুত নতুন কমিটি দেওয়ার অনুরোধ জানাব।
নেতাকর্মীদের প্রত্যাশা:
ছাত্রদলের নেতাকর্মীদের প্রত্যাশা, নতুন নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আন্দোলন-সংগ্রামে সক্রিয়, ত্যাগী এবং সাংগঠনিকভাবে দক্ষ নেতাদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি ছাত্রসমাজের কাছে গ্রহণযোগ্যতা ও নতুন প্রজন্মের ভাবনা বোঝার সক্ষমতাকেও গুরুত্ব দেয়া হবে।
দলীয় নেতাদের মতে, তরুণ উদ্যম ও অভিজ্ঞ নেতৃত্বের সমন্বয়ে গঠিত নতুন কমিটি ছাত্রদলকে আরও গতিশীল করে তুলতে পারে।
তবে সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি সংগঠনের দায়িত্বশীল নেতারা। তাদের মতে, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই নতুন নেতৃত্বের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!