শিক্ষা, বাকৃবি, গোল্ড মেডেল, ব্রোঞ্জ মেডেল,
বাকৃবির কৃতি শিক্ষার্থীরা।   ছবি: আরটিএনএন

আন্তর্জাতিক কৃষি ও বায়োসিস্টেম ইঞ্জিনিয়ারিং কমিশন (সিআইজিআর) আয়োজিত ২০২৫ সালের আন্তর্জাতিক আইডিয়া প্রতিযোগিতায় চারটি ভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জন করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন মাইলফলক গড়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। বায়োসিস্টেম ইঞ্জিনিয়ারিংয়ের এই বৈশ্বিক প্ল্যাটফর্মে সাতটি ক্যাটাগরির মধ্যে চারটিতে বিজয় অর্জন করেছে বাকৃবির চারটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী দলের সদস্যরা।

প্রতিযোগিতার বাছাই পর্বে প্রকল্পগুলো প্রথমে সিআইজিআরের বিভিন্ন টেকনিক্যাল সেকশনে মূল্যায়ন করা হয়। সেখান থেকে সেরা প্রকল্পগুলো চূড়ান্ত পর্যায়ে উত্তীর্ণ হয়। প্রতিযোগিতায় সাতটি ক্যাটাগরির মধ্যে রয়েছে—ল্যান্ড অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট, স্ট্রাকচারস অ্যান্ড এনভায়রনমেন্ট, প্ল্যান্ট প্রোডাকশন, এনার্জি ইন এগ্রিকালচার, সিস্টেম ম্যানেজমেন্ট, বায়োপ্রসেসেস ও ইনফরমেশন টেকনোলজি।

এর মধ্যে ‘স্ট্রাকচারস অ্যান্ড এনভায়রনমেন্ট’ (টেকনিক্যাল সেকশন-২) ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন সাবিদুর রহমান শেজান ও নুসরাত জিহান জুই। ‘এনার্জি ইন এগ্রিকালচার’ (টেকনিক্যাল সেকশন-৪) ক্যাটাগরিতে প্রথম স্থান (স্বর্ণ) অর্জন করেছেন মো. আবু হুরায়রা আল রিজন, আমিনা আরিফ রিয়া ও শোয়াইব আহমেদ সতেজ। এছাড়া ‘সিস্টেম ম্যানেজমেন্ট’ (টেকনিক্যাল সেকশন-৫) ক্যাটাগরিতে প্রথম স্থান (স্বর্ণ) অর্জন করেছেন তানভীর হোসেন, খৈরম অনন্তা অনি ও নুসরাত জাহান মুমু। একই ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন মো. রাহাত মিয়া ও খন্দকার জুনায়েদ আহমেদের দল।

যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত, ঘানা ও নাইজেরিয়া এ বছর প্রতিযোগিতায় অংশ নেয়। বৈশ্বিক এই প্রতিযোগিতায় দুটি স্বর্ণ ও দুটি ব্রোঞ্জ পদক জিতেছেন বাকৃবির শিক্ষার্থীরা। স্বীকৃতিস্বরূপ স্বর্ণজয়ীরা ৫০০ মার্কিন ডলার এবং ব্রোঞ্জজয়ীরা ২০০ মার্কিন ডলারসহ বিশেষ সম্মাননাপত্র পাবেন।

আগামী ২০২৬ সালের জুন মাসে ইতালির তুরিনে অনুষ্ঠিতব্য ‘সিআইজিআর ওয়ার্ল্ড কংগ্রেস’-এ বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। উল্লেখ্য, এই প্রতিযোগিতার সাতটি ভিন্ন প্রযুক্তিগত ক্ষেত্র থেকে সেরাদের নির্বাচন করা হয়েছে, যেখানে একজন সামগ্রিক বিজয়ী ইতালির ওই বিশ্ব কংগ্রেসে অংশগ্রহণের জন্য পূর্ণ আর্থিক সুবিধাও লাভ করবেন।

এনার্জি ইন এগ্রিকালচার ক্যাটাগরিতে স্বর্ণপদক বিজয়ী দলের সদস্য মো. আবু হুরায়রা আল রিজন বলেন, “এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অর্জিত সাফল্য আমাদের দীর্ঘদিনের পরিশ্রম ও নিষ্ঠার ফল। বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে সবাই বাকৃবির হওয়ায় এই অর্জন আমাদের জন্য গর্ব ও আনন্দের। সেই সঙ্গে কৃতজ্ঞতা জানাই আমাদের শিক্ষক অধ্যাপক ড. আনিসুর রহমানকে, যার সার্বিক তত্ত্বাবধানে এটি সম্ভব হয়েছে।”

সিস্টেম ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জনকারী সদস্য নুসরাত জাহান মুমু বলেন, “এই পুরস্কার অর্জন আমার জন্য এক অনন্য অভিজ্ঞতা। আন্তর্জাতিক পর্যায়ে আমাদের বিশ্ববিদ্যালয় ও অনুষদের সুনাম উজ্জ্বলভাবে প্রতিফলিত হয়েছে, যা অত্যন্ত গর্বের বিষয়। এই সাফল্যের পেছনে আমাদের দলের নিরলস পরিশ্রম ও আত্মত্যাগ রয়েছে। আশা করি, আমাদের এই অর্জন ভবিষ্যতে অন্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে।”