আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কেন্দ্রসচিবদের উদ্দেশ্যে ৩১টি জরুরি নির্দেশনা জারি করেছে শিক্ষা বোর্ড। নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রের টয়লেটগুলো তল্লাশি করতে হবে। সেখানে কোনো নকল বা সন্দেহজনক সামগ্রী পাওয়া গেলে তা সঙ্গে সঙ্গে অপসারণ করতে হবে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এক চিঠির মাধ্যমে এসব নির্দেশনা কেন্দ্রগুলোতে পাঠায়।
বোর্ডের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, পরীক্ষা চলাকালীন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, কর্মচারী ও পর্যবেক্ষক ছাড়া অন্য কেউ কেন্দ্রের ভেতরে থাকতে পারবেন না। কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। কেন্দ্রসচিব কেবল ছবি তোলা যায় না এমন মোবাইল ব্যবহার করতে পারবেন।
চিঠিতে আরও বলা হয়, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীরা ২০২৫ সালের এসএসসি সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্রে পরীক্ষা দেবে। আর নিয়মিত শিক্ষার্থীরা ২০২৬ সালের নির্ধারিত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশ নেবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে।
প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে পরীক্ষা শুরুর তিন দিন আগে ট্রেজারি বা থানার লকারে সংরক্ষিত প্রশ্নপত্রের প্যাকেট যাচাই করতে হবে। এ সময় ট্রেজারি অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কেন্দ্রসচিব ও পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিত থাকতে হবে।
প্রশ্নপত্রের সৃজনশীল ও বহুনির্বাচনি অংশ আলাদা সেটে প্যাকেট করে নিরাপত্তা খামে সংরক্ষণ করতে হবে। পরীক্ষার দিন ট্রেজারি থেকে নির্দিষ্ট সেটের প্রশ্নপত্র ট্যাগ অফিসার ও পুলিশের নিরাপত্তায় কেন্দ্রে আনা হবে।
পরীক্ষা পরিচালনায় প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন করে কক্ষ পরিদর্শক দায়িত্ব পালন করবেন এবং প্রতিটি কক্ষে কমপক্ষে দুইজন পরিদর্শক থাকতে হবে। বেঞ্চের মাপ অনুযায়ী পরীক্ষার্থীদের বসার ব্যবস্থাও নির্ধারণ করে দেয়া হয়েছে।
এছাড়া পরীক্ষা শুরুর আগে কেন্দ্রের বাইরে পরীক্ষার্থী বা অভিভাবকদের অযথা জটলা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। প্রয়োজনে হ্যান্ড মাইক ব্যবহার ও সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশও দেওয়া হয়েছে।
পরীক্ষার সময়সূচি অনুযায়ী নির্দিষ্ট দিনে পরীক্ষা নিতে হবে এবং উত্তরপত্র যথাযথভাবে প্যাকেট করে শিক্ষা বোর্ডের স্ক্রিপ্ট রুমে জমা দিতে হবে। নতুন ও পুরোনো সিলেবাসের উত্তরপত্র আলাদা প্যাকেটে পাঠানোর নির্দেশও দেয়া হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, পরীক্ষা চলাকালীন সংশ্লিষ্ট বিদ্যালয়ের নিয়মিত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। তবে যেদিন পরীক্ষা নেই, সেদিন স্বাভাবিক ক্লাস চালানো যাবে।
শিক্ষা বোর্ড আশা করছে, এসব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করলে এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করা সম্ভব হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!