ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইকোনমিকস সামিট’।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইকোনমিকস সামিট’।   ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইকোনমিকস সামিট’।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় ইকোনমিকস স্টাডি সেন্টারের উদ্যোগে সপ্তমবারের মতো এই সামিটের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সামিটের উদ্বোধন করেন। সাউথ ইস্ট ব্যাংকের সহযোগিতায় এ আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সেলিম রায়হান, সাউথ ইস্ট ব্যাংকের জ্যেষ্ঠ নির্বাহী সহ-সভাপতি আবদুস সবুর খান এবং ইকোনমিকস স্টাডি সেন্টারের সভাপতি অনির্বাণ ঘোষ।

অনুষ্ঠানে ইকোনমিকস স্টাডি সেন্টার থেকে প্রকাশিত দুটি গবেষণা সাময়িকীর মোড়ক উন্মোচন করা হয়। তৃতীয় বর্ষের শিক্ষার্থী আফনান ওসমান ও জান্নাতুল ফেরদৌস অনুষ্ঠান সঞ্চালনা করেন।

উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম সামিট আয়োজনের জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন, গবেষণা সাময়িকী প্রকাশ ও একাডেমিক উপস্থাপনা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। তিনি শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে গবেষণাধর্মী ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে। বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, তিন দিনব্যাপী এই সামিটে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ, শ্রম, শিক্ষা, উদ্যোক্তা উন্নয়ন, জ্বালানি ও পরিবেশবান্ধব কর্মসংস্থান বিষয়ে তিনটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। এতে দেশের খ্যাতনামা অর্থনীতিবিদ, গবেষক ও বিশেষজ্ঞরা অংশ নেবেন।