সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল সংসদে পাস।
সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল সংসদে পাস।   ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ-২০২৬ রহিতকরণ বিল জাতীয় সংসদে পাস হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে বিলটি কণ্ঠভোটে পাস হয়।

এর আগে ৬ এপ্রিল অন্তর্বর্তী সরকারের জারি করা সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা ও বিচারক নিয়োগসংক্রান্ত অধ্যাদেশ বাতিলের লক্ষ্যে বিলটি সংসদে তোলা হয়। একই সঙ্গে জাতীয় মানবাধিকার কমিশন আইন পুনঃপ্রচলনের লক্ষ্যে আরেকটি বিলও আনা হয়।

আইনমন্ত্রী আসাদুজ্জামান সংসদে তিনটি বিল উত্থাপন করেন। তবে এসব বিল নিয়ে বিশেষ কমিটিতে বিরোধীদলের আপত্তি ছিল এবং সংসদেও এ বিষয়ে আলোচনা হয়।

এদিন নির্বাচন কমিশনের ক্ষমতা বাড়িয়ে করা গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধন) বিলসহ মোট সাতটি বিল পাস হয়েছে। এর মধ্যে ছয়টি বিলে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়।

অন্যান্য পাস হওয়া বিলগুলোর মধ্যে রয়েছে—নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ (সংশোধন), নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন), নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান), ভোটার তালিকা (সংশোধন), জাতীয় সংসদ সচিবালয় (অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান) রহিতকরণ এবং বাংলাদেশ ল’ অফিসার্স (সংশোধন) বিল।

সব বিলই কোনো সংশোধনী ছাড়াই সরাসরি কণ্ঠভোটে পাস হয়।