এনসিপি, রাফিয়া, মৃত্যু
রাফিয়া সুলতানা রাফি।   ছবি: আরটিএনএন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা রাফির হঠাৎ মৃত্যুর বিষয়টি অনেকেই মেনে নিতে পারছেন না। এতো অল্প বয়সে তার এই মৃত্যু নিয়ে রয়েছে অনেকের মনেই নানান প্রশ্ন। বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর আগে রাফিয়ার সঙ্গে আসলে কী ঘটেছিল সেই বিষয়টি জানতে আরটিএনএনের পক্ষ থেকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।

পরিবার সূত্রে জানা গেছে, মৃত্যুর আগে ২ থেকে ৩ দিন ধরে তিনি তলপেটে ব্যথায় ভুগছিলেন। একই সময় তার শরীরে পক্সের লক্ষণও দেখা দেয়। অবস্থার অবনতি হলে বুধবার সন্ধ্যায় তাকে মিরপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত প্রায় ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

সেখান থেকে দ্রুত ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। পরিবারের সদস্যরা জানান, হাসপাতালে নেওয়ার সময় তিনি নিজেই হেঁটে গাড়িতে উঠেছিলেন। কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।

রাত প্রায় ২টার দিকে তার রক্তচাপ ওঠানামা শুরু করে। একপর্যায়ে তাকে আইসিইউতে স্থানান্তর করে লাইফ সাপোর্টে নেওয়া হয়। অবশেষে রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুরো ঘটনাটি ঘটে মাত্র ৫-৬ ঘণ্টার ব্যবধানে, যা তার পরিবার ও স্বজনদের জন্য গভীর শোক ও বিস্ময়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।

রাফিয়া রাফি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সাবেক শিক্ষার্থী ছিলেন এবং ২০১৯ সালে হল সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন। পাশাপাশি তিনি জাতীয় নাগরিক পার্টির বগুড়া জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তার আকস্মিক মৃত্যুতে রাজনৈতিক সহকর্মী, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাদ আসর বগুড়ার গাবতলী উপজেলার আটবাড়িয়া পীরগাছা এলাকায় তার বাবার বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।