আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান
ট্রাইব্যুনালে হট্টগোল করেন সাজাপ্রাপ্ত আসামিরা।   ছবি: আরটিএনএন

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণার পর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ রায় ঘোষণা শেষে ট্রাইব্যুনাল কক্ষ থেকে বের হওয়ার সময় আসামিরা দায়িত্বরত পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন।

এর আগে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পরপরই আসামিরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বলেন, তারা এ রায় মানেন না এবং নিজেদের নির্দোষ দাবি করেন।

মামলার রায়ে দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। তারা হলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এ ছাড়া তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা হলেন সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

অন্য ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানা গেছে।