মেহেরপুরে ডিজেল সংকটে উপেক্ষিত কৃষক, প্রভাবশালীদের দৌরাত্ম্যের অভিযোগ।
মেহেরপুরে ডিজেল সংকটে উপেক্ষিত কৃষক, প্রভাবশালীদের দৌরাত্ম্যের অভিযোগ।   ছবি: আরটিএনএন

মেহেরপুরের বিভিন্ন ফিলিং স্টেশনে ডিজেল সংকটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন কৃষকরা। অভিযোগ উঠেছে, প্রভাবশালী ব্যক্তিদের যানবাহনে অগ্রাধিকার দিয়ে ডিজেল সরবরাহ করা হচ্ছে, ফলে খেটে খাওয়া সাধারণ কৃষকরা বঞ্চিত হচ্ছেন।

গত দুই দিন ধরে জেলার অধিকাংশ ফিলিং স্টেশনে একই চিত্র দেখা গেছে। ট্রাক, ড্রাম ট্রাক, ট্রাক্টরসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইনের কারণে কৃষকদের স্বার্থ উপেক্ষিত হচ্ছে। অভিযোগ রয়েছে, ইটভাটা ও যানবাহন মালিকরা প্রভাব খাটিয়ে প্রয়োজনীয় ডিজেল সংগ্রহ করছেন।

কৃষকরা জানান, তারা মধ্যরাত থেকে লাইনে দাঁড়িয়ে পরদিন দুপুর পর্যন্ত অপেক্ষা করেও পর্যাপ্ত ডিজেল পাচ্ছেন না। কেউ কেউ ৪-৫ লিটার পেলেও অধিকাংশকেই খালি হাতে ফিরতে হচ্ছে।

তাদের অভিযোগ, প্রভাবশালীদের যানবাহনে আগে ডিজেল সরবরাহ করা হচ্ছে। তাদের চাহিদা পূরণ হতেই মজুদ শেষ হয়ে যাচ্ছে। ফলে সেচের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা কৃষকরা হচ্ছেন সবচেয়ে অবহেলিত।

গত দুই সপ্তাহ ধরে চলমান এই সংকটে বোরো ধান, পাট ও সবজি আবাদ নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন জেলার কৃষকরা।