অস্ত্র মামলা, হাদি হত্যা
হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ।   ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদকে অস্ত্র আইনের মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন এ রায় ঘোষণা করেন। এর আগে গত রোববার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত আজকের দিন রায়ের জন্য নির্ধারণ করেন। তবে মামলার আসামি ফয়সাল করিম পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৭ নভেম্বর রাজধানীর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান চালায় র‌্যাব-২। এ সময় পালানোর চেষ্টা করলে ফয়সাল করিমকে আটক করা হয়। পরে তার বাসায় তল্লাশি চালিয়ে চার রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

এ ঘটনায় পরদিন আদাবর থানায় র‌্যাবের হাবিলদার মশিউর রহমান বাদী হয়ে ফয়সাল করিমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, ফয়সাল করিম এলাকার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে চাঁদাবাজি, খুন-জখম এবং জমি দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। এসব অপরাধ সংঘটনের জন্য তিনি অবৈধ আগ্নেয়াস্ত্র নিজের কাছে রেখেছিলেন।

তদন্ত শেষে ২০২৫ সালের ২৮ মার্চ আদাবর থানার উপ-পরিদর্শক জাহিদ হাসান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার বিচার চলাকালে আদালত ১৪ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

উল্লেখ্য, গত বছরের ১৭ নভেম্বর পর্যন্ত ফয়সাল করিম এ মামলায় জামিনে ছিলেন। পরে ওসমান হাদি হত্যা ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে চলে যান। এর মধ্যে গত মাসে তাকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।