বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙছে ‘ধুরন্ধর’।
বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙছে ‘ধুরন্ধর’।   ছবি: সংগৃহীত

মুক্তির পর থেকেই বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙছে ‘ধুরন্ধর’। মাত্র ১৬ দিনের মধ্যেই ভারতে ৫০০ কোটি টাকা  আয় করে আদিত্য ধর পরিচালিত ও রনবীর সিং অভিনীত চলচ্চিত্রটি দ্রুত আয়কারী হিন্দি ছবি হিসেবে নজির গড়ে। সিনেমাটি প্রযোজনা করেছে জিও স্টুডিওস ও B62 স্টুডিওস।

জিও স্টুডিওসের তথ্য অনুযায়ী, ভারতে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৯৮১.০৫ কোটি রুপি। এবং আন্তর্জাতিক বাজার থেকে এসেছে ৩০.৫ মিলিয়ন মার্কিন ডলার।

ভারতের স্থানীয় বাজারে সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের তালিকায় বর্তমানে ছবিটি রয়েছে চতুর্থ স্থানে। এর আগে রয়েছে ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’, ‘পুষ্পা ২: দ্য রুল’ ও ‘কে.জি.এফ: চ্যাপ্টার ২’—যেগুলো বিভিন্ন ভাষার মূল ও ডাব সংস্করণ মিলিয়ে আয় করেছে। তবে কেবল হিন্দি ভাষার সিনেমা হিসেবে শীর্ষে অবস্থান করছে ‘ধুরন্ধর’।

আন্তর্জাতিক অঙ্গনেও ছবিটির সফলতা চোখে পড়ার মতো। এটি এখন পর্যন্ত উত্তর আমেরিকায়  সর্বোচ্চ আয় করা হিন্দি চলচ্চিত্র। কানাডা ও অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ আয় করা ভারতীয় সিনেমা এবং যুক্তরাজ্যে সর্বকালের চতুর্থ সর্বোচ্চ আয় করা ভারতীয় চলচ্চিত্রের তালিকায় জায়গা করে নিয়েছে ‘ধুরন্ধর’।

সারা পৃথিবীতে আয় করা ভারতীয় ছবির তালিকায়ও ‘ধুরন্ধর’ পঞ্চম স্থানে উঠে এসেছে। এই তালিকার শীর্ষে রয়েছে ‘দঙ্গল’, ‘বাহুবলী ২’, ‘পুষ্পা ২’ ও ‘RRR’।

গল্পের দিক থেকেও ব্যতিক্রমী ‘ধুরন্ধর’। দুই ভাগে বলা এই গল্পের প্রথম অংশে উঠে এসেছে  এক গুপ্তচর অভিযানের কাহিনি, যেখানে একজন ভারতীয় গুপ্তচর করাচির অপরাধ ও রাজনৈতিক জগতের গভীরে প্রবেশ করে।  সেই কাহিনি প্রথম ভাগের ক্লিফহ্যাঙ্গার থেকেই এগিয়ে যাবে দ্বিতীয় অংশে।

‘ধুরন্ধর’ ২০২৫ সালের ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় । ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিং। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অক্ষয় খন্না, সঞ্জয় দত্ত, আর মাধবন ও অর্জুন রামপাল। রনবীর সিংয়ের পাশাপাশি খল চরিত্রে অক্ষয় খন্নার অভিনয় দর্শক–সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।আরো অভিনয় করেছেন সারা অর্জুন, রাকেশ বেদী, মনব গোহিল, দানিশ প্যান্ডোর, সৌম্য তন্দন, গৌরব গেরা ও নাভিন কৌশিক।

ছবিটির সিক্যুয়েল মুক্তি পাওয়ার কথা রয়েছে ১৯ মার্চ ২০২৬। ছবি হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম ভাষায় মুক্তি পাবে।