কর্নাটকের সর্বোচ্চ করদাতা রাশমিকা মান্দানা।
কর্নাটকের সর্বোচ্চ করদাতা রাশমিকা মান্দানা।   ছবি: সংগৃহীত

দক্ষিণী ও বলিউড সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা প্রায় ৪ কোটি ৬৯ লাখ টাকা কর পরিশোধ করে আলোচনায় এসেছেন । জানা গেছে, এর মাধ্যমে কর্নাটকের কোদাগুতে এ বছরে সর্বোচ্চ করদাতার তালিকায় শীর্ষে রয়েছেন তিনি।

 কাজের জন্য মুম্বাই ও হায়দরাবাদে বাস করলেও রাশমিকার শিকড় কর্নাটকের কোদাগুতেই। জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে তার আয় ও সম্পদের পরিমাণও  বেড়েছে। বিলাসবহুল গাড়ির বড় সংগ্রহ রয়েছে তার। গ্যারাজে রয়েছে মার্সিডিজ সি-ক্লাস, অডি কিউ থ্রি ও রেঞ্জ রোভারসহ অনেক দামি গাড়ি। রাশমিকা মান্দানার বেঙ্গালুরুতে প্রায় ৪ কোটি রুপি মূল্যের একটি  বাড়ির পাশাপাশি মুম্বাইয়েও রয়েছে তার একটি বিলাসবহুল ফ্ল্যাট ।

বর্তমানে দক্ষিণী সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের একজন তিনি। প্রতি সিনেমায় তার পারিশ্রমিক প্রায় ৪ কোটি রুপি। বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী, রাশমিকার মোট সম্পদের পরিমাণ এখন ৪৫ কোটি রুপিরও বেশি। অল্প সময়ের মধ্যেই ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান শক্ত করেছেন এই অভিনেত্রী।

অভিনয় জগতে রাশমিকা পা রাখেন ২০১৬ সালে। ‘কিরিক পার্টি’ দিয়ে যাত্রা শুরু করে তিনি একের পর এক সফল সিনেমা উপহার দিয়েছেন। ‘গীতগোবিন্দম’, ‘পুষ্পা: দ্য রাইজ’ ও ‘অ্যানিম্যাল’-এর মতো সুপারহিট ছবিতে অভিনয়ের মাধ্যমে খুব অল্প সময়েই তিনি তারকা খ্যাতির শীর্ষে পৌঁছান। গেল বছর রাশমিকার মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা, যা অন্যদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

 আগামী ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই জনপ্রিয় অভিনেত্রী। তার আগেই সর্বোচ্চ কর দিয়ে দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রশংসা কুড়ালেন রাশমিকা মান্দানা।

এমআর/আরটিএনএন