এবার  শোবিজ তারকারাও  নির্বাচনী প্রচারণাতে অংশ নেন।
এবার শোবিজ তারকারাও নির্বাচনী প্রচারণাতে অংশ নেন।   ছবি: সংগৃহীত

বাংলাদেশে এবারের নির্বাচনে কোনো শোবিজ তারকাকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়নি। যদিও নির্বাচনের আগে বেশ কয়েকজন তারকা প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন। বিশেষ করে বিএনপি এবার কোনো গান বা অভিনয়ের তারকাকে মনোনয়ন দেয়নি।

তারপরও নির্বাচনী প্রচারণায় দেশের শীর্ষস্থানীয় কয়েকজন তারকার অংশগ্রহণ দেখা গেছে। নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া তারকার তালিকায় রয়েছেন কণ্ঠশিল্পী মনির খান, রবি চৌধুরী, বেবী নাজনীন, কনকচাঁপা, রিজিয়া পারভীন, আসিফ আকবর, নাজমুন মুনিরা ন্যান্সি এবং সোহেল মেহেদী। এছাড়া সংগীত পরিচালক শওকত আলী ইমন, ইথুন বাবু, এবং অভিনেতা শাহেদ শরীফ খান, শিবা শানু, রিনা খান ও চিত্রনায়িকা সুবাহকেও প্রচারণায় দেখা গেছে।

বিএনপি’র প্রচারণায় সবচেয়ে সক্রিয় তারকা ছিলেন কণ্ঠশিল্পী মনির খান। তিনি রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে দলের প্রচারণায় নেতৃত্ব দিয়েছেন এবং ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় নিয়মিত অংশ নিয়েছেন। তাঁর সঙ্গে প্রচারণায় ছিলেন রবি চৌধুরী, শওকত আলী ইমন, রিনা খান ও সুবাহ।

ঠাকুরগাঁওয়ে প্রচারণায় মনির খানের সঙ্গে ছিলেন রবি চৌধুরী। তারা সামাজিক মাধ্যমেও বিএনপি’র প্রচারণা কার্যক্রম নিয়ে পোস্ট শেয়ার করছেন। বেবী নাজনীনও ঢাকা-১৭ এর মিছিল ও সমাবেশে অংশ নিয়েছেন, আর আসিফ আকবর বিভিন্ন আসনে প্রচারণা চালিয়ে সামাজিক মাধ্যমে ভোট চাইছেন।

সোহেল মেহেদী ও ইথুন বাবু গান পরিবেশন করে প্রচারণায় অংশ নিয়েছেন। কণ্ঠশিল্পী কনকচাঁপা সরাসরি প্রচারণায় কম দেখা গেলেও সামাজিক মাধ্যমে বিএনপির পক্ষে ভোট চাইছেন। রিজিয়া পারভীন, নাজমুন মুনিরা ন্যান্সি এবং অন্য কয়েকজন শিল্পীও সামাজিক মাধ্যমে দলের পক্ষে পোস্ট করেছেন এবং কিছু গানেও সমর্থন প্রকাশ করেছেন।

ঢাকা-১০, ঢাকা-১৩ ও কিশোরগঞ্জ-৪ আসনের প্রচারণায় অভিনেতা শাহেদ শরীফ খান অংশ নিয়েছেন। এছাড়া কণ্ঠশিল্পী আলম আরা মিনু, পলাশ, স্বীকৃতি, মুহিন খান ও চিত্রনায়িকা সিমলাও দলের প্রচারণায় সক্রিয় ছিলেন।

সিমু/আরটিএনএন