করণের ছবির শিরোনামেই ক্ষুব্ধ গোবিন্দ।
করণের ছবির শিরোনামেই ক্ষুব্ধ গোবিন্দ।   ছবি: সংগৃহীত

বলিউডে মতভেদ বা বিতর্ক নতুন কিছু নয়। তবে কোনো বিষয় যখন ব্যক্তিগত অনুভূতিতে আঘাত হানে, তখন তা আরও আলোচিত হয়ে ওঠে। সম্প্রতি ঠিক তেমনই এক ইস্যুতে সরব হয়েছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ। করণ জোহর প্রযোজিত ছবি ‘গোবিন্দা নাম মেরা’র নামকরণ নিয়েই তাঁর আপত্তি।

এক সাম্প্রতিক সাক্ষাৎকারে গোবিন্দ জানান, তাঁর অনুমতি ছাড়াই তাঁর নাম ব্যবহার করে একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করা হয়েছে যা তাঁকে বিস্মিত ও বিরক্ত করেছে। তাঁর ভাষায়, “আমার নাম ব্যবহার করে একটা ছবি বানানো হয়েছে। যতদূর জানি, ছবিটির প্রযোজনার সঙ্গে করণ জোহর যুক্ত ছিলেন।”

২০২২ সালে মুক্তি পাওয়া ‘গোবিন্দা নাম মেরা’ পরিচালনা করেন শশাঙ্ক খৈতান। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ভিকি কৌশল। এক কোরিওগ্রাফারের দাম্পত্য ও পরকীয়া জটিলতাকে ঘিরে নির্মিত এই কমেডি-থ্রিলারে ভিকির সঙ্গে ছিলেন ভূমি পেডনেকর ও কিয়ারা আদবানি। সিনেমাটি প্রেক্ষাগৃহে নয়, সরাসরি ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি+ হটস্টারে মুক্তি পায়।

তবে শুধু নাম ব্যবহারের বিষয়েই নয়, গল্পের ধরণ নিয়েও অস্বস্তি প্রকাশ করেছেন গোবিন্দ। তাঁর মতে, স্বামী-স্ত্রী-প্রেমিকার ত্রিভুজ সম্পর্ককে কেন্দ্র করে যে গল্প বলা হয়েছে, তা সংবেদনশীল বিষয়। “সবকিছু নিয়ে মজা করা যায় না,” এমন মন্তব্যও করেন তিনি।

এক পর্যায়ে হাতজোড় করে অনুরোধ জানিয়ে অভিনেতা বলেন, তাঁর ব্যক্তিগত জীবনকে যেন কোনোভাবেই এ ধরনের কাহিনির সঙ্গে জড়ানো না হয়।

গোবিন্দর বক্তব্যের পর নতুন করে প্রশ্ন উঠেছে ছবির গল্পে কি তিনি নিজের জীবনের প্রতিফলন দেখছেন, নাকি কেবল নাম ব্যবহারের বিষয়টিকেই অসম্মানজনক মনে করছেন? যদিও এ নিয়ে সরাসরি কিছু বলেননি তিনি। তবে তাঁর কথায় পরিষ্কার, বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গেই দেখছেন।

সিমু/আরটিএনএন