তানিয়া বৃষ্টি, অভিনেত্রী, মডেল
বর্তমানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে আছেন তানিয়া বৃষ্টি   ছবি: সংগৃহীত

ছোট পর্দার পরিচিত মুখ তানিয়া বৃষ্টির মস্তিষ্কে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। রোববার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাঁর ব্রেন টিউমার অপসারণ করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে আছেন।

অস্ত্রোপচারের পর সন্ধ্যায় নির্মাতা সকাল আহমেদ জানান, সার্জারি পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হয়েছে এবং আপাতত বড় কোনো জটিলতার লক্ষণ দেখা যায়নি। পর্যবেক্ষণ শেষে তাঁকে কেবিনে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রাতের দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে আরেক নির্মাতা হাসান রেজাউল লেখেন, প্রায় চার ঘণ্টাব্যাপী অপারেশনের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়েছে। তবে অস্ত্রোপচারের পরবর্তী ২৪ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে বিভিন্ন জটিলতার সম্ভাবনা থাকায় এখনই পুরোপুরি ঝুঁকিমুক্ত বলা যাচ্ছে না। তিনি সবার কাছে তানিয়ার জন্য দোয়া চেয়ে হাসপাতালে অপ্রয়োজনীয় ভিড় ও অতিরিক্ত ফোনকল থেকে বিরত থাকার অনুরোধ জানান।

এর আগে তানিয়ার অসুস্থতার বিষয়টি তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে জানানো হয়। সেখানে শুটিং বা কাজসংক্রান্ত বিষয়ে আপাতত যোগাযোগ না করার অনুরোধ করা হয়েছিল। ভালোবাসা দিবসের এক পোস্টে তিনি নিজেই লিখেছিলেন, পরদিন তাঁর মাথায় অস্ত্রোপচার হবে এবং সবার কাছে প্রার্থনা চেয়েছিলেন।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে তীব্র মাথাব্যথা ও শারীরিক অস্বস্তিতে ভুগছিলেন এই অভিনেত্রী। প্রথমে বিষয়টি তেমন গুরুত্ব না দিলেও অবস্থার অবনতি হলে তাঁকে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা–নিরীক্ষার পর ব্রেন টিউমার শনাক্ত হয়। পরে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই সহশিল্পীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। অভিনেত্রী সামিরা খান মাহি সামাজিক মাধ্যমে তানিয়ার দ্রুত আরোগ্য কামনা করে লিখেছেন, তাঁকে আবার হাসিমুখে কাজের সেটে দেখতে চান। বিনোদন অঙ্গনের অনেকেই একইভাবে সুস্থতা কামনা করে প্রার্থনা করছেন।