বিনোদন, পথের প্যাচালী, আঙ্গুর, ফল, টক,
দেবাশীষ বিশ্বাস।   ছবি: সংগৃহীত

দীর্ঘদিন পর আবারও শুরু হতে যাচ্ছে জনপ্রিয় স্ট্রিট শো ‘পথের প্যাঁচালী’। নির্মাতা ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস জানিয়েছেন, আসন্ন রোজার ঈদের পর একুশে টেলিভিশনে অনুষ্ঠানটির নতুন সিজন প্রচার শুরু হবে।

শোবিজ অঙ্গনে দেবাশীষ বিশ্বাসের যাত্রা শুরু হয়েছিল উপস্থাপনার মাধ্যমে। তাঁর সঞ্চালনায় একসময় ‘পথের প্যাঁচালী’ দর্শকপ্রিয়তার শীর্ষে পৌঁছায়। অনুষ্ঠানটি বন্ধ হওয়ার পর থেকেই ভক্তদের একটাই প্রশ্ন ছিল- কবে ফিরছে ‘পথের প্যাঁচালী’? অবশেষে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।

নতুন সিজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে দেবাশীষ বিশ্বাস বলেন, একুশে টেলিভিশন ও ‘পথের প্যাঁচালী’ই তাঁকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। গত ২৬ বছর ধরে দর্শকের যে ভালোবাসা তিনি পেয়েছেন, তার বড় কারণ এই অনুষ্ঠান। তাই আবারও এটি নিয়ে ফিরতে পারা তাঁর জন্য বিশেষ আনন্দের।

সম্প্রতি একুশে টেলিভিশনের সঙ্গে একাধিক অনুষ্ঠান নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। সেখান থেকেই ‘পথের প্যাঁচালী’ নতুনভাবে শুরুর পরিকল্পনা চূড়ান্ত হয়। ঈদের পর চ্যানেলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানটির নতুন সিজন প্রচারের সম্ভাবনা রয়েছে।

দেবাশীষ বিশ্বাস আরও বলেন, গত দুই দশক ধরে দর্শকরা তাঁকে অনুষ্ঠানটি পুনরায় শুরু করার অনুরোধ জানিয়ে আসছেন। দর্শকের সেই চাওয়া পূরণ করাকে তিনি নিজের দায়িত্ব হিসেবেই দেখছেন।

উল্লেখ্য, ‘পথের প্যাঁচালী’র কোনো নির্দিষ্ট স্টুডিও সেট ছিল না। আউটডোরে ঘুরে ঘুরে পথচারীদের সঙ্গে মজার প্রশ্নোত্তর পর্বই ছিল অনুষ্ঠানটির মূল আকর্ষণ। তবে সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নতুন সিজনে ফরম্যাটে কিছু পরিবর্তন আসতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন উপস্থাপক। তাঁর ভাষায়, সময় বদলেছে, পরিস্থিতিও ভিন্ন—তবু নতুন আঙ্গিকে উপস্থাপন করলে দর্শক আবারও সাদরে গ্রহণ করবেন বলেই তাঁর বিশ্বাস।

আরবিএ/আরটিএনএন