আরিফিন শুভ
আরিফিন শুভ।   ছবি: সংগৃহীত

সাফল্য আর গ্ল্যামারের মাঝে এবার ঈদ উদযাপন আরিফিন শুভর জন্য ছিল বিশেষভাবে আবেগঘন। রোববার (২২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক ভিডিও বার্তায় তিনি ভক্তদের ঈদের শুভেচ্ছা জানান এবং নিজের অনুভূতির কথা শেয়ার করেন।

দামি ব্র্যান্ডের পোশাক নয়, বরং মৃত্যুবরণ করা মায়ের স্মৃতিকে সঙ্গে নিয়ে ঈদ উদযাপন করছেন এই অভিনেতা। ভিডিওতে তিনি বলেন, “এই ঈদটা আমার কাছে একটু বিশেষ। প্রায় দেড় বছর ধরে কাজ করা ‘জ্যাজ সিটি’ সিনেমাটি সম্প্রতি মুক্তি পেয়েছে। আশা করি, দেখলে আপনাদেরও ভালো লাগবে।”

আরিফিন শুভ আরও যোগ করেন, “ঈদ সকালটা শুরু করলাম মায়ের শাড়ি দিয়ে তৈরি পাঞ্জাবি পরে, মায়ের কবর জিয়ারত দিয়ে। এরপর বন্ধুদের সঙ্গে আড্ডা ও খাওয়া-দাওয়ার মাধ্যমে কিছুটা সময় কাটাব।”

সবশেষে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই একসাথে থাকা। আশা করি এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়বে।”

সিমু/আরটিএনএন