সালমান শাহ হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন ১৪ মে।
সালমান শাহ হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন ১৪ মে।   ছবি: সংগৃহীত

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু ঘিরে করা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আবারও পিছিয়েছে। নতুন করে আগামী ১৪ মে দিন নির্ধারণ করেছেন আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন থাকলেও তদন্ত কর্মকর্তা, রমনা মডেল থানার পরিদর্শক আতিকুল ইসলাম খন্দকার তা জমা দিতে পারেননি। এ কারণে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা নতুন এই তারিখ ঠিক করেন। এ নিয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় ছয়বার পেছাল। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক জিন্নাত আলী।

এর আগে, গত বছরের ২০ অক্টোবর রাতে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষ থেকে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় মামলা করেন। আদালত মামলাটি গ্রহণ করে ৭ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। অন্যদের মধ্যে রয়েছেন সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, অভিনেতা ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদ।

অভিযোগ সূত্রে জানা যায়, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালে সালমান শাহর বাবা-মা ও ছোট ভাই নিউ ইস্কাটনের বাসায় তার সঙ্গে দেখা করতে যান। সেখান থেকে তাদের সিলেটে যাওয়ার পরিকল্পনা ছিল। তবে বাসায় পৌঁছে তারা জানতে পারেন, সালমান ঘুমাচ্ছেন। পরে তারা সেখান থেকে বেরিয়ে যান।

এর কিছুক্ষণ পর প্রোডাকশন ম্যানেজার সেলিম ফোন করে সালমানের বাবাকে জানান, তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। দ্রুত বাসায় গিয়ে পরিবারের সদস্যরা তাকে শোবার ঘরে অচেতন অবস্থায় দেখতে পান।

পরবর্তীতে তাকে হাসপাতালে নেওয়ার পথে পরিবারের সদস্যরা তার গলায় দাগ এবং শরীরের কিছু অংশে অস্বাভাবিক রঙ লক্ষ্য করেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, তিনি আগেই মারা গেছেন।