বাংলাদেশ–যুক্তরাজ্য বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে আলোচনা
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেন যুক্তরাজ্যের বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত ব্যারোনেস রোসি উইন্টারটন।   ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদার এবং ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ডায়ালগ (টিআইডি) পুনরায় সক্রিয় করার বিষয়ে দুই দেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর অফিস কক্ষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেন যুক্তরাজ্যের বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত ব্যারোনেস রোসি উইন্টারটন।

বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী করা, বিনিয়োগ বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, লজিস্টিক ব্যয় কমানো এবং ব্যবসা সহজীকরণের লক্ষ্যে একাধিক সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে। ক্রমবর্ধমান কর্মক্ষম জনশক্তিকে কাজে লাগাতে বিদেশি বিনিয়োগ আরও বাড়ানো জরুরি বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, বাংলাদেশ বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ও অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) নিয়ে কাজ করছে। একই সঙ্গে যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সংলাপ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ সময় যুক্তরাজ্যের ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিম (ডিসিটিএস)-এর আওতায় বাংলাদেশের পণ্যের অগ্রাধিকারমূলক বাজার সুবিধা অব্যাহত রাখার আহ্বান জানান মন্ত্রী।

যুক্তরাজ্যের বাণিজ্য দূত রোসি উইন্টারটন বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার উদ্যোগ, বিনিয়োগবান্ধব নীতি ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির প্রচেষ্টার প্রশংসা করেন।

বৈঠকে যুক্তরাজ্যের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশি পণ্যের জন্য যুক্তরাজ্যের বাজারে বিদ্যমান সুবিধা আরও কার্যকরভাবে কাজে লাগানোর সুযোগ রয়েছে। বিশেষ করে তৈরি পোশাকের পাশাপাশি প্রক্রিয়াজাত খাদ্য, সামুদ্রিক পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং ও চামড়াজাত পণ্যের রপ্তানি বৃদ্ধির সম্ভাবনার কথা তুলে ধরা হয়।

এ ছাড়া যুক্তরাজ্যের ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স (ইউকেএইফ) এর আওতায় প্রায় ২ বিলিয়ন পাউন্ড সমমূল্যের রপ্তানি ঋণ সুবিধা ব্যবহারের বিষয়ে বাংলাদেশকে উৎসাহিত করা হয়। অবকাঠামোসহ বিভিন্ন খাতে এ সুবিধা বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক হতে পারে বলে উল্লেখ করা হয়।

উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ–যুক্তরাজ্য ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ডায়ালগ পুনরায় সক্রিয় করার বিষয়ে সম্মত হয়।

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, অতিরিক্ত সচিব (রপ্তানি) আব্দুর রহিম খান এবং দুই দেশের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।