নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরল শিশু আতিক, সারাদেশ, সড়ক দূর্ঘটনা, শিশুর মৃত্যু,
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশু আতিকের।   ছবি: আরটিএনএন

খুলনা থেকে নানার বাড়িতে বেড়াতে এসেছিল তিন বছরের শিশু আতিক। মামার হাত ধরে বিকেলে ঘুরতে বেরিয়েছিল শৈশবের আনন্দে। কিন্তু একটি বেপরোয়া ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিমিষেই থেমে গেল আতিকের সব চপলতা।

বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা রেলক্রসিং এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় এই নিষ্পাপ শিশুটি। নিহত আতিক খুলনা শহরের জামিল হোসেনের ছেলে। কয়েকদিন আগে সে দর্শনা মোবারকপাড়ায় তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকেলে মামার সঙ্গে ঘুরতে বেরিয়েছিল আতিক। দর্শনা রেলক্রসিংয়ের কাছে রাস্তার পাশে সে যখন খেলছিল, তখন দর্শনা থেকে চুয়াডাঙ্গাগামী একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা ছুটে আসার আগেই ঘটনাস্থলেই নিথর হয়ে পড়ে আতিকের ছোট্ট দেহ।

খবর পেয়ে দামুড়হুদা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এদিকে আতিকের মৃত্যুর খবরে তার নানার বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে চারপাশ। যে শিশুটির হাসিতে ঘর মুখরিত ছিল, তার আকস্মিক বিদায়ে এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।