বলিভিয়া, কার্গো বিমান, বিমান বিধ্বস্ত
বলিভিয়ার রাজধানীর কাছে প্রচুর ব্যাংকনোট বা টাকা বহনকারী একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন   ছবি: সংগৃহীত

বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে প্রচুর ব্যাংকনোট বা টাকা বহনকারী একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। শুক্রবারের এই দুর্ঘটনায় মহাসড়কে থাকা প্রায় এক ডজন গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং চারদিকে টাকার নোট ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

ফায়ার সার্ভিসের প্রধান পাভেল তোভার নিশ্চিত করেননি যে নিহতরা বিমানের আরোহী ছিলেন নাকি লা পাজ বিমানবন্দরের কাছে মহাসড়কে ছিলেন। তবে তিনি জানিয়েছেন, বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের ফুটেজে দেখা গেছে, রাস্তায় ছড়িয়ে পড়া টাকা কুড়াতে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে। পুলিশ দাঙ্গাবিরোধী পোশাক পরে টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে।

স্থানীয় মিডিয়ার ফুটেজে আরও দেখা যায়, সি-১৩০ হারকিউলিস নামের পরিবহন বিমানটি এল আল্টো আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে গিয়ে একটি রাস্তায় উঠে পড়ে এবং শেষমেশ একটি মাঠে গিয়ে থামে। রাস্তায় বিমানের ধ্বংসাবশেষ, দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি এবং মৃতদেহ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। তোভারের মতে, অন্তত ১৫টি যানবাহন এই দুর্ঘটনার কবলে পড়ে। দমকলকর্মীরা বিমানের আগুন নেভাতে সক্ষম হয়েছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। বলিভিয়ান বিমান বাহিনীর এই বিমানটি কেন্দ্রীয় ব্যাংক থেকে নতুন ব্যাংকনোট নিয়ে অন্যান্য শহরে যাচ্ছিল। দুর্ঘটনার পর ঘটনাস্থলের মাটিতে প্রচুর পরিমাণে নোট ছড়িয়ে পড়ে।

বলিভিয়ান এয়ার নেভিগেশন এবং বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, সি-১৩০ বিমানটি পূর্বাঞ্চলীয় শহর সান্তা ক্রুজ থেকে রওনা হয়েছিল এবং লা পাজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর বিমানবন্দরটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। বলিভিয়ান বিমান বাহিনীর জেনারেল সার্জিও লোরা জানান, শুক্রবার রাত পর্যন্ত বিমানের ছয়জন ক্রু সদস্যের মধ্যে দুজনকে খুঁজে পাওয়া যায়নি। তিনি আরও জানান, বিমানটি সান্তা ক্রুজ থেকে কার্গো বা মালামাল নিয়ে আসছিল।

সূত্র : দা গার্ডিয়ান

আরটিএনএন/এআই