ইরানি, পেজেশকিয়ান, রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, তুরস্ক
পেজেশকিয়ানকে টেলিফোন করে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।   ছবি: সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি বলেছেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা আবার ঘটলে তুরস্ক তা কোনোভাবেই মেনে নেবে না এবং দেশের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান–ইসরায়েল–যুক্তরাষ্ট্র সংঘাতের পর থেকে এখন পর্যন্ত দুইবার তুরস্কের আকাশসীমা অতিক্রম করেছে ইরানের ক্ষেপণাস্ত্র। প্রথমবার ৪ মার্চ এবং দ্বিতীয়বার সোমবার (৯ মার্চ) এই ঘটনা ঘটে।

দুই ক্ষেত্রেই ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সহায়তায় ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে তুরস্কের প্রতিরক্ষা বাহিনী।

সোমবার অনুপ্রবেশকারী ক্ষেপণাস্ত্র ধ্বংস করার পর ইরানের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলেন এরদোয়ান। ওই আলাপে তিনি বলেন, ইরানের বেপরোয়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণে চলমান যুদ্ধে সরাসরি জড়িত না থাকলেও তুরস্ক নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে।

প্রতিবেশী দেশগুলোর দিকে হামলা চালানোকে ‘বেআইনি হস্তক্ষেপ’ উল্লেখ করে এরদোয়ান বলেন, বন্ধু ও ভ্রাতৃপ্রতিম দেশগুলোর ওপর হামলা করে কোনো পক্ষেরই স্বার্থ রক্ষা হবে না। ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে তুরস্ক নিজেদের নিরাপত্তার স্বার্থে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে বলেও তিনি সতর্ক করেন।

এ সময় যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়া এবং একটি স্কুলে হামলায় বহু শিক্ষার্থীর প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন তুর্কি প্রেসিডেন্ট।

তবে এরদোয়ানের অভিযোগের জবাবে পেজেশকিয়ান দাবি করেন, তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করা ক্ষেপণাস্ত্রটি ইরান থেকে ছোড়া হয়নি। তারপরও বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।