চেক প্রজাতন্ত্র, অস্ত্র কারখানা
এলবিট সিস্টেমসের সঙ্গে সংশ্লিষ্ট একটি কারখানায় আগুন লেগেছে।   ছবি: সংগৃহীত

চেক প্রজাতন্ত্রে ইসরায়েলি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের সঙ্গে সংশ্লিষ্ট একটি কারখানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে স্থাপনাটির বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) ভোরে একটি চেক কোম্পানি ও এলবিট সিস্টেমসের যৌথ উদ্যোগে পরিচালিত ওই স্থাপনায় আগুন দেওয়া হয়। ঘটনাটির দায় স্বীকার করেছে ‘দ্য আর্থকোয়েক ফ্যাকশন’ নামের একটি গোপন সংগঠন।

চেক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং এতে সম্ভাব্য সন্ত্রাসী সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এলবিট সিস্টেমস ইসরায়েলের সামরিক বাহিনীর জন্য স্থল ও আকাশপথে ব্যবহৃত অস্ত্রের একটি বড় সরবরাহকারী প্রতিষ্ঠান। তাদের সরঞ্জাম সাম্প্রতিক গাজা ও ইরান সংশ্লিষ্ট সংঘাতে ব্যবহৃত হচ্ছে বলে জানা গেছে।

অগ্নিসংযোগের দায় স্বীকার করে গোষ্ঠীটি টেলিগ্রামে জানিয়েছে, ইউরোপে ইসরায়েলের সামরিক কার্যক্রমের জন্য এই স্থাপনাটি গুরুত্বপূর্ণ ছিল এবং তারা ভবিষ্যতেও এ ধরনের পদক্ষেপ নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে।