অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে আগুন, নিহত বেড়ে ১৩।
অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে আগুন, নিহত বেড়ে ১৩।   ছবি: সংগৃহীত

ভারতের অন্ধ্রপ্রদেশের মার্কাপুরম জেলায় যাত্রীবাহী বাস ও লরির সংঘর্ষে আগুন লেগে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ নিশ্চিত করেছে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার পরপরই বাসটিতে আগুন ধরে যায়। এতে কয়েকজন যাত্রী জীবন্ত দগ্ধ হন। শুরুতে ৮ জন নিহতের কথা জানানো হলেও পরে মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়ায়।

মার্কাপুরমের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) নাগার্জু একটি টেলিভিশন চ্যানেলকে জানান, আগুনে পুড়ে কয়েকজন যাত্রীর মৃত্যু হয়েছে এবং এখন পর্যন্ত অন্তত ১৮ থেকে ২০ জন আহত যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ‘হরিকৃষ্ণ ট্রাভেলস’-এর একটি বাস তেলেঙ্গানার নির্মল থেকে নেল্লোরের দিকে যাচ্ছিল। সকাল ৬টার দিকে বাসটির সঙ্গে একটি টিপার লরির সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে এবং সঙ্গে সঙ্গে বাসটিতে আগুন ধরে যায়।

জেলা পুলিশের কর্মকর্তারা জানান, আহতদের নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। তিনি দুর্ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন এবং আহতদের চিকিৎসার খোঁজ নিয়েছেন।

মুখ্যমন্ত্রী দুর্ঘটনার কারণ উদঘাটনে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন এবং দ্রুত প্রতিবেদন জমা দিতে বলেছেন।