টুথব্রাশ,ব্যবহার, যত্ন
একটি টুথব্রাশ কতদিন ব্যবহার করা উচিত ও যত্নের উপায়।   ছবি: সংগৃহীত

দাঁত নিয়মিত মাজা হলেও অনেকেই টুথব্রাশের বদলের বিষয়ে সচেতন হন না। পুরনো ব্রাশ ব্যবহার করলে দাঁতের যত্ন ঠিক মতো করা যায় না এবং বিভিন্ন স্বাস্থ্য সমস্যাও দেখা দিতে পারে। শেষ কবে ব্রাশ বদলেছেন, তা অনেকেরই মনে থাকে না। কিন্তু ব্রাশের কার্যকারিতা কমে গেলে দাঁতের স্বাস্থ্যেও প্রভাব পড়ে।

কতদিন ব্যবহার করবেন:
দাঁতের বিশেষজ্ঞরা পরামর্শ দেন, টুথব্রাশ প্রতি ৩–৪ মাস অন্তর বদলানো উচিত। তবে সম্প্রতি অসুস্থ ছিলেন বা একাধিক ব্রাশ একসাথে ব্যবহার করছেন, এমন ক্ষেত্রে আগেই পরিবর্তন করা ভালো। যদি ব্রাশের ব্রিসল ছেঁড়া বা বেঁকে যায়, তখন সেটি আর ভালোভাবে পরিষ্কার করতে পারে না এই মুহূর্তেই বুঝতে হবে নতুন ব্রাশ নেওয়ার সময় হয়েছে। শিশুদের ব্রাশ বড়দের তুলনায় বেশি দ্রুত ক্ষয় হয়, তাই তাদের ব্রাশ ঘনঘন পরিবর্তন করা দরকার।

টুথব্রাশের ধরন:
দুটি ধরনের টুথব্রাশ জনপ্রিয় ম্যানুয়াল ও ইলেকট্রিক। ম্যানুয়াল ব্রাশ সহজে বহনযোগ্য, শব্দহীন এবং ব্যবহারকারী নিজে চাপ নিয়ন্ত্রণ করতে পারেন। অন্যদিকে ইলেকট্রিক ব্রাশের ঘূর্ণায়মান ব্রিসল দাঁতের ফাঁক ও মাড়ির কাছের ময়লা ভালোভাবে পরিষ্কার করে। অনেক ইলেকট্রিক ব্রাশে টাইমার ও প্রেসার সেন্সর থাকে, যা সঠিকভাবে ব্রাশ করতে সাহায্য করে এবং অতিরিক্ত চাপ থেকে মাড়িকে রক্ষা করে।

টুথব্রাশের যত্ন:
যে ধরনের ব্রাশই ব্যবহার করুন, ব্যবহার শেষে ভালোভাবে ধুয়ে শুকনো স্থানে রাখুন। ভেজা অবস্থায় ঢাকনা বা কনটেইনারে রাখলে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। ভ্রমণে গেলে আর্দ্রতা বৃদ্ধি পায়, তাই চাইলে ডিসপোজেবল ব্রাশ ব্যবহার করতে পারেন।

নিয়মিত বদলানোর অভ্যাস:
বিশেষজ্ঞরা বলেন, পরিবারের সকলের জন্য বছরে কয়েকবার নতুন ব্রাশ কেনার অভ্যাস করা উচিত। বাথরুমে সবসময় একটি নতুন ব্রাশ মজুত রাখলে প্রয়োজনে সঙ্গে সঙ্গে ব্যবহার করা যায়।

টুথব্রাশের মেয়াদ, ধরন ও যত্নের দিকে মনোযোগ দিলে দাঁতের স্বাস্থ্য দীর্ঘস্থায়ী রাখা সম্ভব।

সিমু/আরটিএনএন