বই মেলা, অমর একুশে বই মেলা, জাতীয়, শিক্ষা, ফারসীম মান্নান মোহাম্মদী, এ বি এম ওবায়দুল, বইমেলা, সাহিত্য, সাংস্কৃতি, ড. শমশের আলী,  ইসলাম,
বই মেলার প্রবেশ দ্বার।   ছবি: সংগৃহীত

আজ ২৬শে ফাল্গুন ১৪৩২/১১ই মার্চ ২০২৬, বুধবার অমর একুশে বইমেলার ১৪তম দিন। আজকের মেলার সময়সূচি দুপুর ২:০০টা থেকে রাত ৯:০০টা পর্যন্ত।

তথ্যকেন্দ্রে আজ মেলায় নতুন বই জমা পড়েছে ১১৩টি। বিকেল ৩:০০টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় “স্মরণ: এম শমশের আলী” শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন এ বি এম ওবায়দুল ইসলাম। আলোচনায় অংশ নেন ফারসীম মান্নান মোহাম্মদী। সভাপতিত্ব করেন আরশাদ মোমেন।

এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ড. শমশের আলী বাংলাদেশের বিজ্ঞান ও শিক্ষাজগতে একজন উজ্জ্বল নক্ষত্র। তিনি গবেষক হিসেবে খ্যাতি অর্জন করেছেন তাঁর গভীর তাত্ত্বিক বিশ্লেষণ ও সৃষ্টিশীল চিন্তাশক্তির মাধ্যমে। তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে বিশেষত পারমাণবিক ভৌতবিজ্ঞানে তাঁর মৌলিক গবেষণা আন্তর্জাতিক পরিমণ্ডলেও সমাদৃত হয়েছে।

বিশ্বের স্বনামধন্য বৈজ্ঞানিক জার্নালে তাঁর অসংখ্য গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ফারসীম মান্নান মোহাম্মদী বলেন, ড. শমশের আলীর মধ্যে নেতৃত্বদানের সাংগঠনিক গুণাবলি ছিল। তিনি বিজ্ঞানকে জনপ্রিয় করার জন্য বিজ্ঞান ক্লাব আন্দোলন, বিজ্ঞানমেলা ইত্যাদিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উৎসাহ যুগিয়েছেন এবং নানাভাবে সাহায্য করেছেন। তরুণদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তোলার জন্য তিনি সবসময় সচেষ্ট ছিলেন।

আরশাদ মোমেন বলেন, বিজ্ঞান গবেষক ও শিক্ষক ড. শমশের আলী ব্যক্তিমানুষ হিসেবেও ছিলেন মহানুভব। শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় অনুপ্রেরণা ও উৎসাহ দিতেন এবং জ্ঞানার্জনকে আনন্দময় করে তোলেন। বাংলাদেশে বিজ্ঞানচর্চার ইতিহাসে তাঁর নাম নিঃসন্দেহে অমর হয়ে থাকবে।

অনুষ্ঠানে কবি হাসান হাফিজ, কবি শাহীন রেজা এবং কবি মাসুদুল হক নিজেদের বই নিয়ে আলোচনা করেন। বিকেল ৪:০০টায় সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা গান ও আবৃত্তি পরিবেশন করেন।

আগামীকাল ১২ই মার্চ ২০২৬, বৃহস্পতিবার মেলা শুরু হবে দুপুর ২:০০টায় এবং চলবে রাত ৯:০০টা পর্যন্ত।