দেশের বিভিন্ন স্থানে শৈত্য প্রবাহ অব্যাহত ।
নরসিংদী, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগে চলছে শৈত্য প্রবাহ ।   ছবি: সংগৃহীত

ঢাকায় দিনের তাপমাত্রা আজ কিছুটা কমায় দিনের বেলা শীত কিছুটা বেশি অনুভূত হতে পারে। একইসঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকায় আবহাওয়া শুষ্কই থাকবে। 

শনিবার (১০ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। 
এতে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা দিনের তাপমাত্রা সামান্য কমাতে ভূমিকা রাখবে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। 

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গা। আর সর্বোচ্চ তাপমাত্রা ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে সিলেটে।

কুড়িগ্রামে তীব্র শীত ও ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে করে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয় ও  চরাঞ্চলের দরিদ্র মানুষ। শনিবার সকাল ৬টায় কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছেন রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগার।

পঞ্চগড়ে জেঁকে বসেছে তীব্র শীত। ঘন কুয়াশা আর উত্তরের হিমেল বাতাসে এই জেলার স্বাভাবিক জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং বাতাসের বেগ ছিল ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার।

 দিনাজপুরে আজ (১০ জানুয়ারি)সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বাতাসের আদ্রতা ছিল ৯৩ শতাংশ।
রংপুর বিভাগসহ দেশের অন্যান্য কয়েকটি স্থানের আজকে সকাল ৬ টার তাপমাত্রা: রংপুরে ১০.০ ; ডিমলা (নীলফামারী) ১০.০ , বদলগাছি (নওগাঁ) ৯.৫ ; বগুড়া ১০.০ ; রাজশাহী ১০.০ ; ঈশ্বরদী (পাবনা) ৯.০ ; যশোর ৯.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। 

আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, নরসিংদী, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আর সারাদেশের রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এম আর/আরটিএনএন