বায়ুমান, ঢাকা
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুসারে ঢাকা আজ বিশ্বে শীর্ষে রয়েছে।   ছবি: সংগৃহীত

চলতি শুকনা মৌসুমে বায়ুদূষণে বিশ্বের শীর্ষ নগরীর তালিকায় বেশির ভাগ সময়ই ভারতের রাজধানী দিল্লি কিংবা পাকিস্তানের লাহোর ও করাচির নাম দেখা যাচ্ছে। দিল্লিতে দূষণের মাত্রা এতটাই ভয়াবহ পর্যায়ে পৌঁছেছিল যে কৃত্রিমভাবে বৃষ্টি নামানোর উদ্যোগ নেওয়া হয়।

তবে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিল্লি ও করাচিকে অনেক ব্যবধানে ছাড়িয়ে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে ঢাকা।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, আজ সকাল আটটার দিকে ঢাকার বায়ুমান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স–একিউআই) ছিল ২৭১। এই মাত্রার বায়ুকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। একই সময়ে বায়ুদূষণে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল পাকিস্তানের করাচি ও ভারতের দিল্লি। এ দুই নগরীর একিউআই স্কোর ছিল যথাক্রমে ২১৮ ও ২০৩।

তবে ঢাকার পরিস্থিতি আরও উদ্বেগজনক। নগরীর কিছু এলাকায় বায়ুর মান গড় সূচকের প্রায় দ্বিগুণ, কোথাও আবার ৪০০ ছাড়িয়ে গেছে। আজ সকালে রাজধানীর অন্তত নয়টি স্থানে বায়ুমান ছিল খুব খারাপ।

আইকিউএয়ারের তথ্যমতে, নিকুঞ্জের এএসএল সিস্টেমস লিমিটেড এলাকায় বায়ুমান ছিল সর্বোচ্চ ৪১৬। এ ছাড়া ধানমন্ডিতে ৩২৬, দক্ষিণ পল্লবীতে ২৮৯, ইস্টার্ন হাউজিং এলাকায় ২৮৮, বেচারাম দেউড়ীতে ২৮০, কল্যাণপুরে ২৭৮, বে’জ এজওয়াটারে ২৬৭, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকায় ২৪৬ এবং গোড়ানে ২৩৭ একিউআই রেকর্ড করা হয়েছে।

রাজধানী ঢাকার বায়ুদূষণ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং দিন দিন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। গত ডিসেম্বর মাসজুড়ে এবং চলতি জানুয়ারিতেও প্রায় প্রতিদিন বিশ্বের শীর্ষ দূষিত নগরীগুলোর তালিকায় ঢাকার নাম উঠছে।

বায়ুমান সূচক অনুযায়ী, একিউআই ২০০-এর বেশি হলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০০ ছাড়িয়ে গেলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়। বর্তমানে ঢাকার অনেক এলাকার বাতাস সেই দুর্যোগপূর্ণ অবস্থার কাছাকাছি পৌঁছে গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন এলাকাতেই বায়ুদূষণ বাড়ছে। কোনো কোনো সময় ঢাকার বাইরের অঞ্চলে দূষণের মাত্রা আরও বেশি থাকে। যদিও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নেওয়া অধিকাংশ উদ্যোগ ঢাকাকেন্দ্রিক, তাতে উল্লেখযোগ্য সুফল মিলছে না।

সুরক্ষায় যা করতে বলছে আইকিউএয়ার

আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা জায়গায় ব্যায়াম না করার এবং ঘরের জানালা যতটা সম্ভব বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টজনিত রোগীদের বাড়তি সতর্কতা অবলম্বনের কথা বলছেন বিশেষজ্ঞরা।

এমকে/আরটিএনএন