ঢাকা কলেজ
টিয়ারশেল ছোড়ার পর ঢাকা কলেজের শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়।   ছবি: সংগৃহীত

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। কী কারণে এ সংঘর্ষের সূত্রপাত হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একে অপরকে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারিতে জড়িয়ে পড়ে। সংঘর্ষ দীর্ঘ সময় ধরে চলতে থাকায় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঢাকা কলেজ ক্যাম্পাসের ভেতরে দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। টিয়ারশেল ছোড়ার পর ঢাকা কলেজের শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মিরপুর রোডের নিউমার্কেট অংশে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। উত্তেজিত শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ কারণে মিরপুর থেকে নিউমার্কেট এবং নিউমার্কেট থেকে মিরপুরমুখী সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

এর আগে গত বছরের ৯ নভেম্বর নিউমার্কেট থানার মধ্যস্থতায় ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে একটি ‘শান্তি চুক্তি’ স্বাক্ষরিত হয়। সে সময় হাতে গোলাপ নিয়ে ভবিষ্যতে আর সংঘর্ষে না জড়ানোর অঙ্গীকার করেছিলেন শিক্ষার্থীরা। তবে সেই অঙ্গীকার বেশিদিন টেকেনি। পরবর্তী ১০ ডিসেম্বর আবারও দুই কলেজের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই ঘটনায় ঢাকা কলেজের দুটি বাস ভাঙচুরের ঘটনাও ঘটে।

এমকে/আরটিএনএন