প্রেস সচিব, শফিকুল আলম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।   ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, চলমান গণভোটে সারাদেশজুড়ে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক জনসমর্থন লক্ষ্য করা যাচ্ছে। তাঁর মতে, সাধারণ মানুষ এখন স্পষ্টভাবে বুঝে গেছে—‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই দেশ স্বৈরাচার, অনাচার ও নিপীড়নের পথ থেকে বেরিয়ে আসতে পারে।

শুক্রবার (২৩ জানুয়ারি) ঢাকার ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের বাটুলিয়া এলাকায় বুচাই পাগলার মাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, জনগণ বিশ্বাস করে ‘হ্যাঁ’ ভোট দিলে নাগরিক অধিকার সুরক্ষিত থাকবে, দেশে ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত হবে। তিনি আরও বলেন, মানুষ এখন সচেতন—ব্যাংকে রাখা অর্থ নিরাপদ থাকবে, পরিবার-পরিজনের নিরাপত্তা নিশ্চিত হবে এবং রাষ্ট্র এমন পথে অগ্রসর হবে যেখানে মানুষের অধিকার সম্মানিত হবে।

ভোট প্রক্রিয়া নিয়ে প্রেস সচিব জানান, নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে যে ভোট গ্রহণে কোনো ধরনের জটিলতা হবে না। তবে ভোট গণনায় কিছুটা সময় লাগতে পারে বলে উল্লেখ করে তিনি সবাইকে শান্ত ও ধৈর্য ধরে ভোট কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান।

বুচাই পাগলার মাজার সম্পর্কে তিনি বলেন, এটি শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতি ও বহুত্ববাদী সংস্কৃতির প্রতীক। প্রতি বছর ফেব্রুয়ারিতে এখানে বাউল গানের মেলা বসে, যেখানে দেশের খ্যাতনামা বাউল শিল্পীরা অংশ নেন—যা বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের একটি উজ্জ্বল উদাহরণ।

তিনি আরও বলেন, বাংলাদেশ অলি-আউলিয়া ও পীরদের দেশ। তাঁদের হাত ধরেই এ ভূখণ্ডে ইসলামের প্রচার ঘটেছে। মাজারে হামলা বা ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারও পছন্দ না হলে সেখানে না যাওয়া যেতে পারে, কিন্তু আঘাত করা কখনোই সমর্থনযোগ্য নয়।

সাংবাদিকদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিকদের ওপর যেকোনো হামলা নিন্দনীয়। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা শুধু সরকারের নয়, রাজনৈতিক দল ও সাধারণ নাগরিকদেরও দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন, সাংবাদিকরা এবারের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে কাভার করতে পারবেন।

এ সময় ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান মোহাম্মদ সালমান হাবীব, সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফিসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।