নির্বাচন
পোস্টাল ভোট বিডি।   ছবি: সংগৃহীত

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী যেসব বাংলাদেশীরা ভোটের নিবন্ধন করেছেন, তাদের আগামীকাল মঙ্গলবার মধ্যরাতের মধ্যে ভোট দিতে হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে ভোট জমা না পড়লে নিবন্ধনকারীর ব্যালট পেপার বাতিল বলে গণ্য হবে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, পোস্টাল ভোটে নিবন্ধনকারী যে সকল সম্মানিত ভোটারগণ এখনো কিউআর কোড স্ক্যান করেননি, আগামী মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিটের (বাংলাদেশ সময়) মধ্যে আপনার খামের ওপর মুদ্রিত কিউআর কোড স্ক্যান করুন।

আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটে এখন পর্যন্ত পাঁচ লাখ তিন হাজার ৪৪১ জন প্রবাসী বাংলাদেশী ভোট দিয়েছেন। তাদের মধ্যে চার লাখ ২৮ হাজার ৮২৮টি পোস্টাল ব্যালট ডাকযোগে দেশে পোঁছেছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা সালীম আহমাদ খান।

প্রবাসীদের বাইরে এবার নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে (কারাগারে) থাকা ভোটারদের পোস্টাল ব্যালটে ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন। কমিশন বলছে, ভোটদান সম্পন্ন করে পোস্ট অফিসে খাম মঙ্গলবারের মধ্যে জমা দিলে সঠিক সময়ে রিটার্নিং কার্যালয়ে পৌঁছানো সম্ভব।

আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাদের ব্যালট পেপার পৌঁছাবে, তাদের ব্যালট গণনা করা হবে। বাকিগুলো বাতিল বলে গণ্য হবে।