সিইসি, নির্বাচন
সিইসি এ এম এম নাসির উদ্দিন।   ফাইল ছবি

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

ইসি সূত্র জানায়, সিইসির ভাষণটি ইতোমধ্যে রেকর্ড করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ দেশের সব সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং রেডিওতে একযোগে ভাষণটি সম্প্রচার করা হবে।

ভাষণে প্রধান নির্বাচন কমিশনার জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে দেশবাসীকে অবহিত করবেন বলে জানা গেছে। পাশাপাশি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাবেন তিনি।

এ ছাড়া সারা দেশে নির্বাচনী সরঞ্জাম বিতরণ, মোট ৪২ হাজার ৬৫৯টি ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তিনি বক্তব্য রাখবেন। নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন, ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং ড্রোনের মাধ্যমে নজরদারির বিষয়গুলো তুলে ধরবেন সিইসি।

একই সঙ্গে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হবে ভাষণে।

উল্লেখ্য, এর আগে গত বছরের ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন প্রধান নির্বাচন কমিশনার।