বাংলাদেশে পাতানো নির্বাচনের সংস্কৃতি চিরতরে বন্ধ হয়ে গেছে এবং বর্তমানে একটি অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় ভোটগ্রহণ চলছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, নির্বাচন কমিশন কারো পক্ষ হয়ে কাজ করছে না। দেশ এখন ‘গণতন্ত্রের ট্রেনে’ চড়েছে, যা ইনশাআল্লাহ তার গন্তব্যে পৌঁছাবে। জাতির জন্য এমন একটি বড় অবদান রাখতে পেরে তিনি নিজেকে গর্বিত মনে করেন। এই নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশনের ওপর জনআস্থা পুনরায় প্রতিষ্ঠিত হবে বলেও তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
সারা দেশে চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক পরিস্থিতি সম্পর্কে সিইসি জানান, গ্রামগঞ্জসহ সর্বত্র মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে ইসি কর্মকর্তারা বিনিদ্র রজনী অতিবাহিত করেছেন।
নির্বাচনী কর্মকর্তাদের কঠোরভাবে নিরপেক্ষ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দায়িত্ব পালনে কেউ অবহেলা করলে বা পক্ষপাতিত্ব করলে তাদের জবাবদিহি করতে হবে। মাঠ পর্যায় থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে তিনি জানান, কেন্দ্রের বাইরে দু-একটি ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আজ সকাল সাড়ে ৭টা থেকে দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। এবারের নির্বাচনে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।
এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন। মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষে ভোটগ্রহণ পরিচালিত হচ্ছে।
নির্বাচনে ৫০টি রাজনৈতিক দলের ১ হাজার ৭৫৫ জন প্রার্থী এবং ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন।
সিইসি এ এম এম নাসির উদ্দিন দেশবাসীকে নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এ নির্বাচন দেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং একটি সুষ্ঠু ফলাফল উপহার দিতে নির্বাচন কমিশন শেষ মুহূর্ত পর্যন্ত সতর্ক অবস্থানে থাকবে বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।
উল্লেখ্য, জামায়াতে ইসলামীর একজন প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন ইসি বাতিল করেছে। ফলে আজ দেশের মোট ২৯৯টি আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। প্রথমবারের মতো ভোটাররা সংসদীয় প্রার্থীর পাশাপাশি ‘জুলাই সনদ’ বা সংবিধানের মৌলিক পরিবর্তনের প্রশ্নে গণভোটেও অংশ নিচ্ছেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!