মধ্যপ্রাচ্য সংকটে চট্টগ্রামের শাহ আমানত থেকে ১০ ফ্লাইট বাতিল।
মধ্যপ্রাচ্য সংকটে চট্টগ্রামের শাহ আমানত থেকে ১০ ফ্লাইট বাতিল।   ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষিতে ১০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর।

রোববার (১ মার্চ) বিমানবন্দরটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহ আমানত বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আগমনী সব আন্তর্জাতিক ফ্লাইট (এরাইভাল ফ্লাইট সাতটি এবং ডিপার্চার ফ্লাইট তিনটি) বাতিল ঘোষণা করা হয়েছে। ফ্লাইটগুলো আজ দিনের বিভিন্ন সময়ে যাত্রী পরিবহনের কথা ছিল।

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় বন্ধ রয়েছে মধ্যপ্রাচ্যের আকাশসীমা। বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো। 

নিরাপত্তা ঝুঁকির কারণে শনিবার  বিকেল থেকে রোববার (১ মার্চ) সকাল পর্যন্ত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী মোট ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

রোববার (১ মার্চ) সকালে এক বার্তায় সাংবাদিকদের এই তথ্য জানান শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ। তবে কখন নাগাদ ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে, তা সুনির্দিষ্ট করে কিছু জানাননি। ফ্লাইট শিডিউল স্বাভাবিক হলে মুঠোফোনে যাত্রীদের জানিয়ে দেবে সংশ্লিষ্ট এয়ারলাইন্স।

শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, গতকাল মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ হওয়ার ২৭টি ফ্লাইটের প্রায় ১০ হাজার যাত্রীর ভ্রমণ বাতিল হয়েছে। তাদের অনেককে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থাকার ব্যবস্থা করেছেন। অনেকে নিজ গ্রামে বা বাড়িতে ফিরে গেছেন।

এমআর/আরটিএনএন