স্বরাষ্ট্রমন্ত্রী, সালাহউদ্দিন আহমদ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।   ছবি: আরটিএনএন

জ্বালানি সংকট ও সরকারি কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সারাদেশে কোনো ধরনের আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (৮ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জ্বালানি সংকট মোকাবিলা এবং ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে এবারের স্বাধীনতা দিবসে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা হবে না। প্রথাগতভাবে প্রতিবছর দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনায় বর্ণিল আলোকসজ্জা করা হলেও বর্তমান পরিস্থিতিতে তা পরিহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সব ধরনের রাষ্ট্রীয় কর্মসূচি অব্যাহত থাকবে। এদিন জাতীয় স্মৃতিসৌধ-এ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পমাল্য অর্পণ করবেন এবং পুরো আয়োজন ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সামনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। সড়ক পরিবহনে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় এবং জনজীবনে স্বস্তি বজায় থাকে—এ জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি জানান, গার্মেন্টস খাতে শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে যেন কোনো অসন্তোষ তৈরি না হয়, সে বিষয়ে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

ঈদের প্রস্তুতি সমন্বয়ের জন্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপিকে ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি মালিক-শ্রমিক প্রতিনিধি ও সড়ক পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করবেন, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।