ওসমান হাদি, নতুন আইজিপি
সংবাদ সম্মেলনে কথা বলেন নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির।   ছবি: আরটিএনএন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ দুজনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত থেকে দ্রুত দেশে ফেরত আনার কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির।

সোমবার (৯ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে নতুন দায়িত্ব গ্রহণের পর আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

নতুন আইজিপি বলেন, ওসমান হাদি হত্যায় জড়িত গ্রেপ্তার দুজনকে ভারত থেকে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে। আসামিদের দেশে ফিরিয়ে আনা কূটনৈতিকভাবে অচিরেই সম্ভব হবে।

আইজিপি আরও জানান, পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যেই একটি সন্ত্রাসী তালিকা তৈরি করা হয়েছে এবং সেই তালিকার ভিত্তিতে দেশব্যাপী সাঁড়াশি অভিযান শুরু হবে। এতে সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের পোশাক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণের বিষয়ে আইজিপি বলেন, সরকারের নির্দেশনা অনুসারে প্রতিটি থানায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বসানো হবে এবং সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে মহাসড়কে নিরাপত্তা জোরদারের কথাও জানান তিনি। এ ছাড়া শ্রমিক বেতন-ভাতা নিয়ন্ত্রণে বিজিএমইএ ও বিকেএমইএ-এর সঙ্গে আলোচনা করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে অতিউৎসাহী ভূমিকা পালন করবেন না কোনো সদস্য। তিনি আরও বলেন, তবে জনগণকে আইন মেনে চলতে হবে। কোনো নিষিদ্ধ সংগঠন আইনবহির্ভূত কোনো কাজে জড়িত থাকলে ছাড় দেয়া হবে না বলেও জানান আলী হোসেন ফকির।

পুলিশের দুর্নামের জন্য কতিপয় পুলিশ সদস্য দায়ী মন্তব্য করে আইজিপি বলেন, পুলিশের পদোন্নতি, পদায়নে কোনো ধরণের স্বজনপ্রীতি হবে না। পুলিশে সৎ ও যোগ্য লোক থাকবে। কেননা দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।