ঈদুল ফিতর, অর্থ সরবরাহ, ডিজিটাল লেনদেন, এটিএম বুথ,
এটিএম বুথে পর্যাপ্ত অর্থ নিশ্চিতের পাশাপাশি ডিজিটাল লেনদেন ব্যবস্থাও সচল রাখার নির্দেশ দেয়া হয়েছে   ফাইল ছবি

সন্ন ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গ্রাহকদের নির্বিঘ্নে আর্থিক লেনদেন নিশ্চিত করতে দেশের সব তফসিলি ব্যাংককে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ছুটির সময় যাতে গ্রাহকরা কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন, সে লক্ষ্যে এটিএম বুথে পর্যাপ্ত অর্থ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি ডিজিটাল লেনদেন ব্যবস্থাও সচল রাখার নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার (৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেশের তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়। 

নির্দেশনায় বলা হয়েছে, ঈদের ছুটির আগেই ব্যাংকগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে হবে এবং সব ধরনের লেনদেন সেবা নিরবচ্ছিন্ন রাখতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

সার্কুলারে অটোমেটেড টেলার মেশিন (এটিএম) বুথ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, সার্বক্ষণিক এটিএম সেবা নিশ্চিত করতে হবে। কোনো বুথে কারিগরি ত্রুটি দেখা দিলে তা দ্রুততম সময়ে সমাধান করতে হবে এবং সব বুথে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ বজায় রাখতে হবে। পাশাপাশি বুথগুলোতে সার্বক্ষণিক পাহারাদারের উপস্থিতিসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে।

পয়েন্ট অব সেল (পিওএস) সেবার ক্ষেত্রে সার্বক্ষণিক লেনদেন চালু রাখার পাশাপাশি জালিয়াতি প্রতিরোধে মার্চেন্ট ও গ্রাহকদের সচেতন করার ওপর গুরুত্ব দেয়া হয়েছে। ই-পেমেন্ট গেটওয়ের মাধ্যমে কার্ডভিত্তিক ‘কার্ড নট প্রেজেন্ট’ লেনদেনে টু-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবস্থা চালু রাখার নির্দেশও দেয়া হয়েছে।

মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী সব ব্যাংক ও তাদের সহযোগী প্রতিষ্ঠানগুলোকে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে বলা হয়েছে। এছাড়া ঈদের ছুটিকালীন যেকোনো অঙ্কের লেনদেনের তথ্য এসএমএস অ্যালার্টের মাধ্যমে গ্রাহকদের জানাতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ইলেকট্রনিক পদ্ধতিতে বিভিন্ন পরিশোধ সেবা ব্যবহারে গ্রাহকদের সতর্ক করতে প্রচার-প্রচারণা চালাতে হবে এবং সার্বক্ষণিক হেল্পলাইন সহায়তা চালু রাখতে হবে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের আগে জারি করা পরিপত্রগুলোর নির্দেশনাও যথাযথভাবে অনুসরণ করতে হবে।

এদিকে ঈদুল ফিতর উপলক্ষে পূর্বঘোষিত ছুটির সঙ্গে ১৮ মার্চ অতিরিক্ত ছুটি ঘোষণার প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেয়েছে। ফলে এবার সরকারি ও বেসরকারি অফিসে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ঈদ ছুটি থাকবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ দেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।