ছুটির দিনেও চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম।
ছুটির দিনেও চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম।   ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরের ছুটির সময় দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে সরকারি ছুটির দিনগুলোতেও সীমিত আকারে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু থাকবে। তবে ঈদের দিন সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।

মঙ্গলবার (১০ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

কাস্টমস নীতির দ্বিতীয় সচিব রেজাউল করিম স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে সীমিত আকারে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে মার্চের শুরুতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে চট্টগ্রাম কাস্টম হাউসসহ দেশের সব কাস্টমস স্টেশন এবং সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার অনুরোধ জানায় পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।

সংগঠনটি তাদের চিঠিতে জানায়, রপ্তানি বাণিজ্যের গতি সচল রাখা এবং নির্ধারিত ‘লিড টাইম’-এর মধ্যে বিদেশি ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে দিতে এ সময় কাস্টম হাউস খোলা রাখা প্রয়োজন। এ কারণে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত কাস্টম হাউস খোলা রাখার অনুরোধ করা হয়।

প্রসঙ্গত, গত রোববার সরকার রোজার ঈদের ছুটি একদিন বাড়িয়ে সাত দিন করার পরিপত্র জারি করেছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ দেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।