গণমাধ্যম, তথ্যমন্ত্রী, প্রেসক্লাব, বিএনপি, সরকার,জাতীয়,
বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী।   ছবি: আরটিএনএন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্রের স্থিতিশীলতা ও জনগণের চেতনা গঠনে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম অপরিহার্য। একটি আধুনিক রাষ্ট্রে গণমাধ্যমের প্রাতিষ্ঠানিক শক্তি এবং স্বচ্ছতা দেশের রাজনৈতিক ও সামাজিক অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বুধবার (১১ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রতিটি আন্দোলন ও সংগ্রামে গণমাধ্যম মানুষের মনোজগত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মহান ভাষা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় গণমাধ্যম জনগণের চেতনা জাগ্রত করে রাষ্ট্রের সংস্কার ও স্বাধীনতা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছে।

তিনি আরও বলেন, গণমাধ্যম শুধু তথ্য পরিবেশনই করে না, এটি দেশের রাজনৈতিক সংস্কৃতি, গণতান্ত্রিক চেতনা এবং জনগণের অংশগ্রহণ বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম থাকলে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া সম্ভব হয় এবং সমাজে সচেতনতা বৃদ্ধি পায়।

জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান নির্বাচিত সরকার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা, স্বাধীনতা এবং দায়িত্বশীলতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

তিনি সবাইকে আহ্বান জানিয়ে বলেন, দেশের গণতান্ত্রিক অর্জন রক্ষা করতে এবং গণমাধ্যমকে শক্তিশালী করতে সবাইকে সচেতন হতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ ও মহিলা বিষয়কমন্ত্রী ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন, জামায়াতে ইসলামী বাংলাদেশের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খানসহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।