পদ্মা সেতু, যানজট
পদ্মা সেতুতে টোল আদায়ের সময় সাময়িকভাবে গাড়ির জটলা দেখা গেলেও তা দীর্ঘস্থায়ী হচ্ছে না।   ছবি: সংগৃহীত

পদ্মা সেতু এলাকায় যানবাহনের চাপ বেড়েছে, তবুও কোনো যানজট নেই। এক্সপ্রেসওয়ে হয়ে সেতু পাড়ি দিয়ে ঈদ যাত্রায় ঘরমুখো মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরছেন। তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কিছু গাড়ির সংকট থাকায় যাত্রীরা খোলা ট্রাকেও ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছাচ্ছেন।

বুধবার (১৮ মার্চ) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, পদ্মা সেতু উত্তর থানার সামনে থেকে ২০০ টাকা ভাড়ায় ট্রাকে চড়ে বরিশালের উদ্দেশে যাত্রীদের ছুটতে।

ঈদকে সামনে রেখে ভোর থেকেই পদ্মা সেতু এলাকায় যানবাহনের চাপ লক্ষ্য করা গেছে। টোল আদায়ের সময় সাময়িকভাবে গাড়ির জটলা দেখা গেলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংখ্যা বেড়েছে এবং দীর্ঘ অপেক্ষা ছাড়াই টোল পরিশোধ করে সেতু পার হওয়া যাচ্ছে।

এ বিষয়ে পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী (টোল) মো. নাবিল হোসেন বলেন, পদ্মা সেতু এলাকায় গাড়ির চাপ বেড়েছে, তবে কোনো যানজট নেই। গতকালের মতো আজও চাপ রয়েছে।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ৩৮,৫৫৭টি গাড়ি পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে ৪ কোটি ১৮ লাখ ৬০ হাজার ৯০০ টাকা।