পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটির মধ্যেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল নিতে স্বস্তি নেই নগরবাসীর। সরবরাহ স্বাভাবিক থাকার দাবি করা হলেও বাস্তবে অনেক পাম্পে দেখা গেছে দীর্ঘ লাইন, বিলম্বিত সরবরাহ এবং অনিশ্চয়তায় ভরা পরিস্থিতি। ফলে চালকদের ভোর থেকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর উত্তরা আবদুল্লাহপুর, মালিবাগ, মোহাম্মদপুর ও কাকলীসহ বিভিন্ন এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে। ফিলিং স্টেশনগুলোর সামনে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি মূল সড়ক ছাড়িয়ে পাশের সড়ক পর্যন্ত বিস্তৃত হয়েছে। এতে শুধু চালকদের ভোগান্তিই নয়, আশপাশের সড়কেও সৃষ্টি হয়েছে যানজট।
উত্তরার একটি পাম্পে দেড় ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল চালক রিয়াজ উদ্দিন জানান, মাঝেমধ্যে তেল সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে, আবার শুরু হচ্ছে—এতে অপেক্ষা আরও কঠিন হয়ে উঠছে। একই চিত্র মালিবাগেও; সেখানে তেল আসার অপেক্ষায় অর্ধশতাধিক চালক রোদে দাঁড়িয়ে ছিলেন। বেসরকারি চাকরিজীবী নাঈম হাসান বলেন, ছুটির দিনে স্বস্তিতে চলাফেরা করার আশা থাকলেও তেলের জন্যই সময় নষ্ট হচ্ছে।
মোহাম্মদপুরের একটি পাম্পে ডিজেল থাকলেও অকটেন ও পেট্রোলের সংকটে অনেক চালককে হতাশ হয়ে ফিরে যেতে দেখা গেছে। আবার কেউ কেউ নতুন সরবরাহের আশায় লাইনে অপেক্ষা করছেন। কাকলী মোড়ে কিছু সময় তেল বিক্রি বন্ধ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পরে সরবরাহ এলেও দীর্ঘ লাইনের কারণে স্বাভাবিক হতে সময় লেগেছে।
চালকদের অভিযোগ, শুধু দীর্ঘ লাইনে দাঁড়ানোই নয়—কখন তেল পাওয়া যাবে, সেই অনিশ্চয়তাও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনেকেই লাইনে দাঁড়িয়ে থেকেও শেষ পর্যন্ত তেল না পেয়ে ফিরে যাচ্ছেন।
তবে পাম্প মালিক ও সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহে ঘাটতি নেই; ঈদের ছুটিতে একসঙ্গে বেশি যানবাহন বের হওয়ায় চাহিদা বেড়েছে। পাশাপাশি সরবরাহবাহী যান নির্দিষ্ট সময়ে না পৌঁছানোয় সাময়িক চাপ তৈরি হচ্ছে।
এদিকে, অবৈধ গ্যাস ব্যবহার রোধে মাঠ পর্যায়ে অভিযান জোরদার করা হয়েছে। মুন্সীগঞ্জের গজারিয়ায় পরিচালিত এক অভিযানে দুটি অবৈধ চুনা কারখানা উচ্ছেদ করা হয়েছে, যেখানে প্রতিদিন বিপুল পরিমাণ গ্যাস অপচয় হচ্ছিল।
সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের অস্থিরতা, আমদানি বিলম্ব এবং সরবরাহ ব্যবস্থায় সমন্বয় ঘাটতির প্রভাব এখনও পুরোপুরি কাটেনি। রেশনিং তুলে নেওয়ার পর জমে থাকা চাহিদা এবং ঈদকে কেন্দ্র করে যানবাহন চলাচল বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও চাপের মুখে পড়েছে। ফলে ঈদের ছুটিতেও তেলের জন্য ভোগান্তি পিছু ছাড়ছে না নগরবাসীর।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!