বজ্রবৃষ্টি, আবহাওয়া অধিদপ্তর
রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।   ছবি: সংগৃহীত

দেশের তিন বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সোমবার (২৩ মার্চ) ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানান আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দেশের বাকি এলাকায় আবহাওয়া তুলনামূলক শুষ্ক থাকতে পারে।

এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। একই সঙ্গে রাতের তাপমাত্রাও সামান্য বৃদ্ধি পেতে পারে।

ঢাকায় দক্ষিণ-পশ্চিম বা পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। ভোর ৬টায় রাজধানীর আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টা থেকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ও দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া থাকতে পারে। তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

বুধবার (২৫ মার্চ) সকাল ৯টা থেকে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে ৮ মিলিমিটার। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুর ও শ্রীমঙ্গলে ১৬.২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।