রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে এবার পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এবারের ঈদ জামাতকে ঘিরে বিশেষ আকর্ষণ হিসেবে একসঙ্গে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাতের প্রস্তুতি পরিদর্শন শেষে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, দীর্ঘদিন পর একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর এটিই প্রথম ঈদুল ফিতর। তাই এবারের ঈদ জামাত বিশেষ গুরুত্ব বহন করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহে নামাজ আদায়ের সম্মতি দেওয়ায় সাধারণ মুসল্লিরা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে একই জামাতে নামাজ আদায়ের বিরল সুযোগ পাবেন।
দেশবাসীকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি আরও বলেন, সরকারের সঠিক নির্দেশনায় এবারের ঈদযাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক হয়েছে। নৌ, রেল ও সড়কপথে মানুষ নির্বিঘ্নে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারছেন।
পরিদর্শন শেষে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম জানান, জাতীয় ঈদগাহ ময়দানে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে, যার মধ্যে ৩ হাজার ৫০০ জন নারী মুসল্লির জন্য আলাদা সুবিধা রাখা হয়েছে। নারীদের জন্য পৃথক প্রবেশপথ, অজু ও নামাজের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত অজুখানা ও মেডিক্যাল টিম প্রস্তুত রাখা হয়েছে।
তিনি আরও জানান, নিরাপত্তার স্বার্থে প্রবেশের সময় গেট সীমিত রাখা হবে। তবে নামাজ শেষে মুসল্লিদের দ্রুত প্রস্থানের সুবিধার্থে সব গেট খুলে দেওয়া হবে।
আবহাওয়া প্রতিকূল হলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।
ডিএসসিসির প্রশাসক মুসল্লিদের নির্ধারিত সময়ের কিছুটা আগে ঈদগাহে উপস্থিত হওয়ার আহ্বান জানান এবং সফল আয়োজনের জন্য নগরবাসী ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!