কঠিন সময়ের শঙ্কা, তেলের দাম বাড়ার ইঙ্গিত ফখরুলের, তেল, তেলের দাম বৃদ্ধি, মির্জা ফখরুল,
ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী পুন:খনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখছেন মির্জা ফখরুল।   ছবি: সংগৃহীত

দেশের সামনে কঠিন সময় আসছে বলে সতর্ক করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে সামনে তেলের দামসহ নিত্যপণ্যের দাম বাড়তে পারে, যা সহ্য করেই দেশকে এগিয়ে নিতে হবে।

সোমবার (২৩ মার্চ) ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে নেহা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে তেলের সরবরাহ কমে গেছে। তবে এ অবস্থায় পাম্পে ভাঙচুর বা বিশৃঙ্খলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর অবস্থানের কথাও জানান তিনি।

তিনি বলেন, খাল খনন কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না। প্রকল্পের প্রতিটি টাকা যেন জনগণের কল্যাণে ব্যয় হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মাছ ও হাঁস পালনের সুযোগ তৈরিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন।

রাজনৈতিক প্রসঙ্গে তিনি আরও বলেন, ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা ঠিক নয়। দেশের অধিকাংশ মানুষ ধর্মপ্রাণ হলেও তারা ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না। সৎ জীবনযাপন ও হালাল উপার্জনের ওপর জোর দেন তিনি।

এ সময় কৃষি খাত নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি জানান, প্রাকৃতিক দুর্যোগে কৃষকের ক্ষতির বিষয়টি সরকার উপলব্ধি করছে এবং নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড বিতরণসহ নানা সামাজিক কর্মসূচি চালু রয়েছে।

অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদসহ স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরবিএ/আরটিএনএন