মুক্তিযুদ্ধমন্ত্রী, টাঙ্গাইল
ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী।   ছবি: সংগৃহীত

দেশে তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।

সোমবার (২৩ মার্চ) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, পেট্রোল, অকটেন, ডিজেল ও ভোজ্যতেল—সবকিছুর সরবরাহ স্বাভাবিক রয়েছে। দেশে তেলের কোনো সংকট নেই। 

তবে অসাধু কিছু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত লাভের চেষ্টা করছে বলে তিনি উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, ‘ইনশাআল্লাহ আমাদের সরকারের আমলে এ ধরনের অসাধু ব্যবসায়ীদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।’

তিনি জানান, যানবাহন চালকদের তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

মুক্তিযুদ্ধমন্ত্রী আরও বলেন, শহীদ ওসমান হাদির বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। সরকার ক্ষমতায় আসার আগ থেকেই এ বিষয়ে গুরুত্ব দিয়ে আসছে এবং সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনী, সখীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন, সখীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিমুদ্দিন মাস্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হোসেন, বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু, সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন সজীব, মোশাররফ হোসেনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সরকারি কর্মকর্তারা।