ডাকটিকিট, প্রধানমন্ত্রী
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।   ছবি: বাসস

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে তিনি আনুষ্ঠানিকভাবে এই ডাকটিকিট উন্মোচন করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে দাপ্তরিক কিছু কাজ সম্পন্ন করেন। এরপর তিনি স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশিত স্মারক ডাকটিকিটের মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাকসচিব আব্দুন নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম।

ডাকটিকিট উন্মোচনের পর প্রধানমন্ত্রীর দিনের কর্মসূচিতে রয়েছে মন্ত্রিপরিষদের বৈঠক। বিকেল ৪টায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রেস সচিবালয় সূত্র জানায়, সাধারণত প্রতি বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। তবে স্বাধীনতা ও জাতীয় দিবসের কারণে এবারের বৈঠক এক দিন এগিয়ে আনা হয়েছে।