হাম, স্বাস্থ্য অধিদপ্তর
হাসপাতালে উদ্বেগজনক হারে বাড়ছে রোগীর সংখ্যা।   ছবি: সংগৃহীত

দেশজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৬৮৫ জন আক্রান্তের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬৮৫ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭০৯ জনে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে আরও ২৬ জনের মধ্যে। সবমিলিয়ে এ পর্যন্ত নিশ্চিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮৫ জনে।

মৃত্যুর পরিসংখ্যানও বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সন্দেহজনক ৪ জনের মৃত্যু হয়েছে। এর ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ২৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে হাসপাতালভিত্তিক তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগী হিসেবে ভর্তি হয়েছেন ২ হাজার ২৬৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯৩০ জন।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করা এবং আক্রান্তদের আলাদা রাখার ব্যবস্থা নেওয়া জরুরি। একই সঙ্গে শিশুদের সুরক্ষায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে।